...|...|...

বিশ্ব

ইয়েমেনে সিমেন্ট কারখানায় সৌদির হামলা, নারী-শিশুসহ নিহত ৮

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, রাত ১০:১৫
Shares
ইয়েমেনে সিমেন্ট কারখানায় সৌদির হামলা, নারী-শিশুসহ নিহত ৮

ছবি: সংগৃহীত

ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরবের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় নারী-শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যম ও কর্তৃপক্ষ। এর মধ্যে সানা প্রদেশের হামদান জেলায় একটি সিমেন্ট কারখানার শ্রমিকদের আবাসিক ভবনে হামলায় ছয় নারী ও এক শিশুসহ আটজন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম প্রেস টিভি বলছে, আরবি ভাষার টেলিভিশন নেটওয়ার্ক আল-মাসিরাহ শনিবার জানায়, তাইজ প্রদেশের মোখা এলাকায় প্রায় ২০টি বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। হামলার পরও ওই এলাকার আকাশে সৌদি সামরিক বিমান উড়তে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইয়েমেনের রাজধানী সানার আসের এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে একটি আবাসিক বাড়িতে হামলায় অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া সা’দা প্রদেশের মারান জেলায় ক্ষেপণাস্ত্র হামলা এবং আল-হুদাইদাহ প্রদেশের আল-তুহাইতা জেলায় একটি বাড়িতে বিমান হামলার খবর দিয়েছে আল-মাসিরাহ। সংবাদমাধ্যমটির দাবি, আল-তুহাইতায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

হুথি বাহিনীর এক মুখপাত্রের দাবি, গত ২৪ ঘণ্টায় দেশটির আটটি প্রদেশে মোট ১২৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল আল-জওফ, তাইজ, সা’দা, মারিব, হাজ্জাহ, লাহিজ, আমরান ও ইব্ব প্রদেশ। সংঘাত শুরুর পর থেকে হামলার সংখ্যা ৩ হাজার ২৪টিতে পৌঁছেছে বলেও দাবি করেছেন তিনি।

এদিকে, বাব আল-মানদাব প্রণালীর প্রবেশপথের কাছে অবস্থিত মায়ুন দ্বীপের বাতিঘরে হামলার অভিযোগ তুলেছে হুথিরা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক সামুদ্রিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। তাদের অভিযোগ, বাব আল-মানদাব প্রণালী ও লোহিত সাগরে সামরিক তৎপরতা বাড়ায় সামুদ্রিক নৌচলাচলের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।