গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে গ্রেফতারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে মারধর ও মাদ্রাসায় ভাঙচুরের অভিযোগে রুমিসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। অন্যদিকে, শিশুটিকে চুমু দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়ে আদালতে গেছেন ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদ। দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় ঘটনাটি নতুন মোড় নিয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।
তিনি বলেন, অভিযুক্ত শিক্ষককে ঘটনার দিনই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আর রুমিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তাকে গ্রেফতারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছয় বছরের এক শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় দায়ের করা মামলায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার মোসলেম আহমদের বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার কর্তিবাড়ী মাস্টারপাড়া এলাকায়। তিনি টঙ্গীর আউচপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরীর অভিযোগ, একদল লোক প্রতিষ্ঠানে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। ওই মামলায় শিশুটির বাবা শাহজালাল রুমিকে আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এদিকে, ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। শিশুটির বাবা রুমিকে উদ্দেশ করে ধর্মীয় বক্তা জুবায়ের আহমাদ তাশরিফের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে রুমিকে হত্যার ইচ্ছা প্রকাশ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।


