লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সাথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া ও মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। পরে বিএসএফের পক্ষ থেকে গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশে প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাংলাদেশিরা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন এবং ধাওয়া দেন।
পরে বিএসএফ সদস্যরা গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


