...|...|...

সারাদেশ

সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫১ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৯
Shares
সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন

সাংবাদিক শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকায় নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান শফিকুর রহমান। পরে তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুহম্মদ শফিকুর রহমানের পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মিয়াজী বাড়িতে। তার বাবার নাম মৌলভী আবদুল হামিদ এবং মায়ের নাম আয়েশা খাতুন।

শিক্ষাজীবনে তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৬৫ সালে হাদিস বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ উপজেলা ফরিদগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাংবাদিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।