গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে গোপালগঞ্জে সদর উপজেলার ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ফকিরকান্দি ও ঘোষেরচরের মধ্যে ফুটবল খেলা চলাকালীন কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে ফকিরকান্দির লোকজন ঘোষেরচর গ্রামের কামরুল মোল্লার ছেলে হান্নান মোল্লাকে (২৮) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুই গ্রামবাসীর লোকজন টর্চ লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে শতাধিক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
এ সময় গুরুতর আহত দুইজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’


