কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়ার পর সেগুলো মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে চারটি স্পিডবোট চলাচলের সময় এক পক্ষ অপর পক্ষের দুটি বোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বোট দুটি তীরে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে প্রতিপক্ষের লোকজন বোট দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও পরে আরেকটি স্পিডবোটে করে ক্ষতিগ্রস্ত বোট দুটি মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়। নদীর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, ঘটনাস্থল নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত এলাকায় হওয়ায় তারা প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, তবে শুনেছি স্পিডবোটে আগুন লেগেছে। কিন্তু সেটা কীভাবে লেগেছে, তা আমি বলতে পারব না।


