কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য জানিয়েছেন তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজু। রাজুর দাবি, নিখোঁজ হওয়ার আগের রাতে বাসার প্রধান গেট বন্ধ পেয়ে মা-বাবাকে ফোন করে সাড়া না পেয়ে তাকে বিষয়টি জানান তাজমিন। পরে ভিডিও কলে তাজমিনকে সিএনজিচালিত অটোরিকশায় দেখে তাকে বকাঝকাও করেন তিনি।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওই রাতের ঘটনা সম্পর্কে এসব কথা জানান রাজু।
তার ভাষ্য অনুযায়ী, বাসায় ঢুকতে না পেরে তাজমিন এক বন্ধুর সাথে যোগাযোগ করে। সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানালে তিনি তাজমিনকে ভিডিও কল করেন। এ সময় তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পেয়ে বকাঝকা করেন বলে দাবি রাজুর।
রাজু জানান, বকাঝকার পরপরই তাজমিন ফোন কেটে দেয়। পরে খুদে বার্তায় তাকে চিন্তা না করতে বলে এবং সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানায়।
রাজুর দাবি, এরপর তিনি তাজমিনের কাছে জানতে চান, সে আসলে কাকে ফোন করেছিল। জবাবে তাজমিন এক বন্ধুকে ফোন করার কথা জানায়। রাজুর ভাষ্য, এখন তার মনে হচ্ছে, তাজমিন মূলত ওই সিএনজিচালকের কথাই বলতে চেয়েছিল।
গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে ভোলারজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সুমনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের আগে তাজমিনের যাতায়াত ও যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে তদন্তসংশ্লিষ্টরা।

