...|...|...

সারাদেশ

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবার কানের দুল নিয়ে উধাও

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ভোর রাত ৫:৫৮
Shares
ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবার কানের দুল নিয়ে উধাও

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবার কানের দুল নিয়ে উধাও। ছবি: সংগৃহীত

সরকারের ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে এক বিধবা নারীর কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। 

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ভোলার দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মরিয়ম বেগমের বয়স ৫৫ বছর। তিনি ওই এলাকার মৃত নাছির সাজির স্ত্রী।

মরিয়ম বেগমের অভিযোগ, ঘটনার দিন দুপুরে মোটরসাইকেলে করে দুই অপরিচিত ব্যক্তি তাদের বাড়িতে আসেন। তারা ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার ছবি তোলার প্রয়োজনীয়তার কথা জানান। এ সময় ছবি তোলার আগে কানের সোনার দুল দুটি খুলতে বলেন তারা।

তাদের কথামতো দুল খুলে হাতে নেওয়ার পর সেটি দেখতে চান ওই দুই ব্যক্তি। মরিয়ম দুল তাদের হাতে দিলে মুহূর্তের মধ্যেই তা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান তারা। কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী। তার দাবি, এর আগে ওই দুই ব্যক্তিকে এলাকায় কখনো দেখেননি তিনি।

মরিয়ম বেগম প্রশাসনের কাছে তার সোনার দুল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাসিন্দা মো. আনোয়ার ও রকিবুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে একজন অসহায় বিধবা নারীর সাথে প্রতারণার ঘটনা দুঃখজনক। তারা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুক্তভোগী এখনো থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।