কমলা রানী ও নীল রতন পাল নামে এক দম্পতির ঘরে ঢুকে ৪ ভরি সোনার গয়না এবং নগদ ১৬ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে অজ্ঞাত এক হিজড়ার বিরুদ্ধে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন কমলা রানী পালের স্বামী নীল রতন পাল। জামালপুর শহরের বকুলতলা টিকাপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল চারটার দিকে ঘরে বাচ্চাদের রেখে বাইরের দরজা খুলে গোসল করতে যান কমলা রানী। ওষুধ কোম্পানির প্রতিনিধি কমলা রানীর স্বামী নীল রতন পাল এ সময় কোম্পানির কাজে বাইরে ছিলেন।
কথা ছিল, পূজার ছুটিতে রাতে গ্রামের বাড়ি জেলার মাদারগঞ্জে যাবেন। গোসল সেরে গ্রামের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে গিয়ে কমলা রানী তার ভ্যানিটি ব্যাগে রাখা সোনার গয়না এবং টাকা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এ সময় কমলা রানী তার স্বামী নীল রতন পালকে ডেকে পাঠান।
এ সময় পাশের বাড়ির প্রতিবেশীরা জানান, কিছুক্ষণের মধ্যে একজন হিজড়া ওই বাড়িতে ঢুকতে গেলে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর ওই হিজড়াকে আশপাশে খোঁজাখুঁজি করা হয়।
অনেক খোঁজাখুঁজি করেও সোনার গয়না, টাকা কিংবা ওই হিজড়াকে না পেয়ে রাতে থানায় লিখিত অভিযোগ করেন নীল রতন পাল।
খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
ফোন করা হলে নীল রতন পাল জানান, তার মন ভালো নেই। তাদের পরিবারের পূজার আনন্দ মাটি হয়ে গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, তিনি বাইরে ব্যস্ত আছেন।
সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা পুলিশের এসআই আসাদুজ্জামান জানান, লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি না, তা তিনি জানেন না। তিনি ঘটনাস্থলের পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। সেখানে একজনকে দেখা গেছে, তবে চেহারা বোঝা যায় না।


