ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়ায় অপর বাসের সুপারভাইজারসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলা পৌলি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বাসের সুপারভাইজার মো. সুমন। অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এলেঙ্গা বাসস্ট্যান্ড পার হওয়ার পর অপর একটি বাসের সাথে প্রতিযোগিতা শুরু করে। বাসটি আগে যেতে না পারায় পাশের সার্ভিস লেনে নামিয়ে দেয়। সেখানে কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটি ও দেয়ালের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ দুই জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


