...|...|...

সারাদেশ

বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়া সেই চালক গ্রেফতার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৩
Shares
বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়া সেই চালক গ্রেফতার

ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত পাখির মাংস ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোয়ালীকান্দি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কোয়ালীকান্দি বাজারে স্থানীয় কিছু লোকের সাথে ৫০০ টাকার বাজি ধরেন ছাদুল্লাহ। বাজি জেতার জন্য তিনি একটি জীবন্ত পাখির পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন। এ সময় পাখিটি যন্ত্রণায় ছটফট করতে থাকলেও তিনি নৃশসংভাবে পাখির শরীরের মাংস ছিঁড়ে খেয়ে ফেলেন। এই নির্মম দৃশ্য দেখতে বাজারে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং তাদের কেউ কেউ উল্লাস প্রকাশ করে।

জীবন্ত পাখির প্রতি এমন চরম নিষ্ঠুরতার দৃশ্য ধারণ করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। ঘটনার তীব্রতায় নজর পড়ে প্রশাসনের।

মাদারগঞ্জ মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় জানান, ৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশাচালক ছাদুল্লাহ নিজের অপরাধ স্বীকার করে বলেন, ৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি খেয়ে ফেলা তার বড় ভুল হয়েছে।