...|...|...

সারাদেশ

সন্দেহভাজনদের ডোপ টেস্টে মাদক মিললেই শাস্তি: এসপি ফারহানা

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০২
Shares
সন্দেহভাজনদের ডোপ টেস্টে মাদক মিললেই শাস্তি: এসপি ফারহানা

জামালপুরের পুলিশ সুপার (এসপি) ফারহানা ইয়াসমিন। ছবি: টাইমস টুডে

জামালপুর শহরকে মাদকমুক্ত করতে সন্দেহভাজন মাদকাসক্তদের ধরে ডোপ টেস্ট করানোর অভিযান শুরু করেছে জেলা পুলিশ। জামালপুরের পুলিশ সুপার (এসপি) ফারহানা ইয়াসমিনের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) শহরে সন্দেহভাজন চার মাদকাসক্তের ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তাদের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া গেলে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ডোপ টেস্টে মাদকের সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালতে পাঠানো হচ্ছে। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের তাৎক্ষণিক সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

দ্রুত সময়ের মধ্যে শহরকে মাদক কারবারি ও মাদকাসক্তমুক্ত করতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন মাদকাসক্তদের আটক করে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন।

এ বিষয়ে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, ‘ডোপ টেস্ট করে মাদকাসক্তদের শাস্তি দেওয়ার বিষয়টি ব্যয়বহুল কার্যক্রম। তবুও শহরকে মাদকমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুডিশিয়াল প্রসেসে মাদকাসক্তদের সাজা দেওয়া হচ্ছে। আমার ব্যক্তিগত অর্থে এ কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। জামালপুর শহরকে দ্রুত মাদকমুক্ত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’