সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশনসংক্রান্ত সেবা পেতে গিয়ে ঘুষ দাবির অভিযোগ উঠেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, পে-ফিক্সেশনের প্রতিটি ফাইলের বিপরীতে ৫০০ টাকা এবং নতুন পেনশনের ফাইল নিষ্পত্তির জন্য ২০ হাজার টাকারও বেশি দাবি করা হচ্ছে। নির্ধারিত অর্থ না দিলে নানা অজুহাতে ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানি করা হয়।
অভিযোগের তীর উপজেলা হিসাবরক্ষণ অফিসের সুপারভাইজার এম এম মোহাইমেনের দিকে। একাধিক ভুক্তভোগীর দাবি, ফাইলের কাজ সম্পন্ন করতে তার পক্ষ থেকে অর্থ চাওয়া হয়। কেউ টাকা দিতে রাজি না হলে কাগজপত্রে ত্রুটি থাকার কথা বলে কাজ বিলম্বিত করা হয়।
সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণের জন্য পে-ফিক্সেশন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ের। তবে অভিযোগ রয়েছে, এই দাফতরিক কাজ সম্পন্ন করতেই ফাইলপ্রতি ৫০০ টাকা করে দিতে হচ্ছে সেবাগ্রহীতাদের।
সম্প্রতি এক সরকারি কর্মকর্তার পে-ফিক্সেশনের কাজ শেষ হওয়ার পর তার কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার ভাষ্য, সরাসরি অর্থ দাবি না করে ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়, ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’ পরে বাড়তি ঝামেলা এড়াতে তিনি টাকা দিতে বাধ্য হন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে প্রায় ১ হাজার ৪০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, সবার কাছ থেকে ফাইলপ্রতি ৫০০ টাকা নেওয়া হলে সম্ভাব্য অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় সাত লাখ টাকা। তবে বাস্তবে কতজনের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, তার স্বাধীন কোনো হিসাব পাওয়া যায়নি।
এদিকে নতুন পেনশন চালুর ক্ষেত্রেও একই ধরনের হয়রানির অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, পেনশনের ফাইল চূড়ান্ত করতে ২০ হাজার টাকার বেশি দাবি করা হয়। টাকা দিতে না চাইলে বিভিন্ন ত্রুটির কথা উল্লেখ করে ফাইল আটকে রাখা হয়। ফলে অবসরে যাওয়ার পরও নিজেদের প্রাপ্য অর্থ পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা জানান, হিসাবরক্ষণ অফিসে সেবা নিতে গিয়ে তাদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাদের অভিযোগ, টাকা না দিলে ফাইলে সমস্যা খুঁজে বের করা হয়, আর অর্থ দিলে দ্রুত কাজ সম্পন্ন হয়।
তাদের মতে, সরকারি দপ্তরে নির্ধারিত সেবা পেতে যদি বাড়তি অর্থ দিতে হয়, তাহলে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের জন্য তা অত্যন্ত দুর্ভোগের বিষয়। বিশেষ করে পেনশনপ্রত্যাশী বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এমন হয়রানি আরও কষ্টকর।
অভিযোগের বিষয়ে সুপারভাইজার এম এম মোহাইমেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
অন্যদিকে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মালেক অভিযোগ অস্বীকার করে জানান, তাদের অফিসে কাউকে সরাসরি আসার প্রয়োজন নেই। অনলাইনে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার পর তারা যাচাই করে সেগুলো সাবমিট করেন।
পে-ফিক্সেশনের ফাইলপ্রতি ৫০০ টাকা নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘আমরা কারও কাছ থেকে একটি টাকাও নিইনি।’


