...|...|...

সারাদেশ

ডাকসু ভিপির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, পরিদর্শনে দুই এমপি

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৩
Shares
ডাকসু ভিপির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, পরিদর্শনে দুই এমপি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ি শহরের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার পর তার বাড়ি পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

রবিবার (২২ নভেম্বর) রাতে তারা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন এরই মধ্যে শনাক্ত করেছে। শিগগির তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, জুলাই বিপ্লবের বীর সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। জুলাইয়ের নায়কদের জীবন ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। একটি স্বাধীন দেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান থাকতে পারে না।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম.এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা উপস্থিত ছিলেন।