...|...|...

সারাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৬
Shares
আগুনে ক্ষতিগ্রস্ত সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বের হয়ে দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

জানা গেছে, ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। তার দাবি, বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

ঘটনার বর্ণনা দিয়ে সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দ শুনে ঘর থেকে বের হন তিনি। এ সময় বাড়ির দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীদের ডাকলে তারা এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

তিনি বলেন, আমরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। বিকট শব্দ শুনে বের হয়ে দেখি দেয়ালের পাশে আগুন জ্বলছে। প্রতিবেশীদের ডেকে আনার পর তারা আগুন নেভান। ঘুমের মধ্যে বিষয়টি টের না পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো।

প্রতিবেশীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত বাড়িটিতে ছুটে যান। পরে সবাই মিলে চেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার আলামত দেখা গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও মামলা করা হয়নি। তাদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।