চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় বিএনপির পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ঘটনার পর স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নানুপুর বাজারে ঝটিকা মিছিল বের করেন স্থানীয় যুবলীগের কয়েকজন নেতাকর্মী। এর প্রতিবাদে শনিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে মিছিল বের করেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কিপাইত নগর শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হন। তারা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন।
ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, মসজিদে মাইকিং করে যুবলীগের কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মুহাম্মদ তারেক আজিজ বলেন, ঘটনার খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি-৭-এর সদস্যরা অবস্থান করছে।


