চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় বোর্ডের প্রোগ্রামারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে অকৃতকার্য থেকে কৃতকার্য দেখানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)। তাদের মধ্যে ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে এবং আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বসবাস করেন।
সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানান, ফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ জালিয়াতির সাথে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগ ওঠে। বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে ওই শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর বাড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে গণিতে ৯ নম্বরের জায়গায় ৬৬ এবং উচ্চতর গণিতে শূন্যের জায়গায় ৪৬ নম্বর বসানোর অভিযোগ রয়েছে।
এ ঘটনায় শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর গত ২৯ অক্টোবর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বাদী হয়ে নগরের পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন। মামলায় অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুল আলী শোভন এবং বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারীকে এজাহারনামীয় আসামি করা হয়।
এদিকে, গ্রেফতার তিনজনের একজন মো. আবদুল মালেকের হৃদ্রোগের সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তার স্বজনেরা। এ বিষয়ে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে তারা থানায় আসেন।
উল্লেখ্য, এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হলেও নানা অসংগতির কারণে আদালত তা গ্রহণ করেননি।
চলমান মামলায় ফল জালিয়াতির সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রেখেছে সিআইডি।


