...|...|...

সারাদেশ

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪১
Shares
পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ। ছবি: টাইমস টুডে

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। সংঘর্ষের মধ্যে পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

এদিকে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এর পর থেকে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা বিরাজ করছিল। এ সময় উভয়পক্ষের মধ্যে বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভির বেড়া উপজেলা প্রতিনিধি মো. শাহজালাল জানান, সভা শেষে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে যান। এ সময় বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়।

অন্যদিকে, সকাল সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কাজ করছে।