ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের পর এবার জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তায় পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য ফরিদপুরে এসে পৌঁছান। পরদিন শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেন। প্রতিটি উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়।
এর ধারাবাহিকতায় শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে পাঁচ প্লাটুন আনসার সদস্য একযোগে শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে জড়ো হন। পরে তাঁরা কয়েকটি দলে ভাগ হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্ব পালনে রওনা হন।
ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী সড়কের মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট এবং সদরপুর ও চরভদ্রাসন পয়েন্ট উল্লেখযোগ্য।
এ ছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তায়ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলা কমান্ডার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।
অন্যদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেই পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করছেন।
বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ফরিদপুর জেলার সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


