ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের হারথা তাপবিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। শনিবার এ দুর্ঘটনার তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম আনাদোলু জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ইরাকের সিকিউরিটি মিডিয়া সেল হতাহতের এ তথ্য জানায়। সংস্থাটি বলেছে, প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে হতাহতের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দল। পাশাপাশি নিরাপত্তা বাহিনী বিদ্যুৎকেন্দ্রটি ঘিরে ফেলে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে।
সিকিউরিটি মিডিয়া সেলের বিবৃতিতে বলা হয়, আল-হারথা পুলিশ বিভাগের সদস্যদের পাশাপাশি ৮৩তম মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্রিগেডের প্রথম ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। তৃতীয় নিরাপত্তা অঞ্চলের কমান্ডের সরাসরি তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
কর্তৃপক্ষ জানায়, আহতদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হওয়ার পাশাপাশি ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও পরিস্থিতি জানতে ঘটনাস্থলে তদন্ত চলছে বলে জানিয়েছে সিকিউরিটি মিডিয়া সেল।


