...|...|...

বিশ্ব

আল-জাজিরার বিশ্লেষণ

ন্যাটোর সদস্য রাষ্ট্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা কতটা?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৮
Shares
ন্যাটোর সদস্য রাষ্ট্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা কতটা?

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলার মধ্যেই পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ডে এমন ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপজুড়ে। প্রশ্ন উঠেছে, এটি কি রাশিয়ার পরিকল্পিত উসকানি, নাকি ইউক্রেন যুদ্ধের অনিচ্ছাকৃত পরিণতি? আর পোল্যান্ডের ওপর এই হামলার জবাবে কি সরাসরি যুদ্ধে জড়াবে ন্যাটো?

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছেন, ২০ নভেম্বর রাতে রাশিয়ার হামলার সময় দুটি ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন দেশটির ভূখণ্ডে আঘাত হানে। দক্ষিণ-পূর্বাঞ্চলের নোভাই লিপোভিয়েক ও রুদনিলক নাদ সানেম এলাকায় ক্ষেপণাস্ত্র এবং মোলোদিচ এলাকায় ড্রোনটি পড়ে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইউরোপীয় সেনাদের সামরিক মহড়াস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগের রাতেই ইউক্রেনে বড় ধরনের হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তথ্য অনুযায়ী, ৪০০টির বেশি ড্রোন ও অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো। এতে অন্তত আটজন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে রাশিয়ার ‘ইচ্ছাকৃত উসকানি’ বলে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ, এর আগে ৯ নভেম্বর থেকে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে ১১টি দেশের অংশগ্রহণে দুই সপ্তাহব্যাপী সামরিক মহড়া শুরু হয়। ইউক্রেনে যুদ্ধ-পরবর্তী সম্ভাব্য মিশনের প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক স্কট লুকাস আল-জাজিরাকে বলেন, কয়েক মাস ধরেই রাশিয়া ন্যাটোর প্রতিক্রিয়া যাচাই করছে। এর আগে বাল্টিক অঞ্চলের দেশগুলোর সীমান্তে ড্রোন ও যুদ্ধবিমান পাঠানোর ঘটনাও ঘটেছে। এবার সামরিক মহড়ার কাছাকাছি ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়ে মস্কো আরও এক ধাপ এগিয়েছে।

বিশ্লেষকদের মতে, ন্যাটোর সক্ষমতা ও প্রতিক্রিয়ার সীমা যাচাই করাই রাশিয়ার এমন কর্মকাণ্ডের অন্যতম উদ্দেশ্য। পোল্যান্ড ছাড়াও রোমানিয়া ও ন্যাটোর সদস্য নয় এমন মলদোভার আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটেছে।

এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক তৎপরতার মধ্যেই ঘটেছে এই অনুপ্রবেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে এই আলোচনা এগোনোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইউক্রেনের জন্য ন্যাটোর মতো নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

ঘটনার নিন্দা জানিয়েছে ন্যাটো। মহাসচিব মার্ক রুটে একে পোল্যান্ডের আকাশসীমার গুরুতর লঙ্ঘন ও বিপজ্জনক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাজ্য একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছে। জার্মানিও রাশিয়ার চলমান উসকানির উদাহরণ হিসেবে ঘটনাটিকে উল্লেখ করেছে।

পোল্যান্ড ন্যাটোর কাছে আরও সহায়তা চেয়েছে। তবে এখন পর্যন্ত জোটের ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করা হয়নি। এই অনুচ্ছেদের আওতায় কোনো সদস্যদেশ নিরাপত্তা হুমকির মুখে পড়লে অন্য সদস্যদের সঙ্গে জরুরি পরামর্শ করতে পারে।

তাহলে কি সক্রিয় হবে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ?

বিশ্লেষকদের মতে, আপাতত তার সম্ভাবনা কম। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্যদেশের ওপর সশস্ত্র হামলাকে জোটের সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না। বরং সব সদস্যের সম্মতির ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে তা সক্রিয় করতে হয়।

বিশ্লেষক স্কট লুকাসের মতে, ন্যাটো একদিকে ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে চায়, অন্যদিকে সরাসরি সামরিক সংঘাত এড়াতেও সতর্ক। তাই ৫ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করার ক্ষেত্রে কঠোর মানদণ্ড অনুসরণ করছে জোটটি।

তার ধারণা, ন্যাটোর প্রতিক্রিয়া মূলত প্রতিরক্ষামূলক হবে। স্থল, নৌ ও বিমানবাহিনীর প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি সাইবার নিরাপত্তা এবং অপপ্রচার মোকাবিলায় গুরুত্ব দেওয়া হতে পারে।

বিশ্লেষকদের আশঙ্কা, সরাসরি রাশিয়া-ন্যাটো সংঘাতের চেয়ে বড় ঝুঁকি হয়ে উঠতে পারে সাইবার হামলা, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোসহ হাইব্রিড যুদ্ধ। কারণ, রাশিয়া এখনো ন্যাটোর প্রতিক্রিয়া ও ধৈর্যের সীমা পরীক্ষা করে যাচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, পানি সরবরাহ, সেতু ও রেলপথে রাশিয়ার হামলা দেশটির বেসামরিক জীবন ও অর্থনীতিকে বিপর্যস্ত করার কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সব মিলিয়ে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনুপ্রবেশ ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। তবে আপাতত সরাসরি ন্যাটো-রাশিয়া যুদ্ধে জড়ানোর চেয়ে প্রতিরক্ষামূলক প্রস্তুতি ও কূটনৈতিক তৎপরতার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে পশ্চিমা সামরিক জোট।