...|...|...

বিশ্ব

‘মুসলিমরা ছাড়িয়ে যাবে খ্রিষ্টানদের’, বেশি সন্তান নেওয়ার আহ্বান লেভিটের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫২
Shares
‘মুসলিমরা ছাড়িয়ে যাবে খ্রিষ্টানদের’, বেশি সন্তান নেওয়ার আহ্বান লেভিটের

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত

বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে—এমন একটি গবেষণা প্রতিবেদন শেয়ার করে আমেরিকানদের বিয়ে করা, বেশি সন্তান নেওয়া এবং সন্তানদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তার এ পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে লেভিট লেখেন, বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।

পোস্টটির সাথে তিনি ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট যুক্ত করেন। সেখানে বলা হয়, একটি গবেষণা অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।

লেভিটের পোস্টে বিয়ে, পরিবার ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে তার বক্তব্য ঘিরে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর জোর দেওয়ার বিষয়টিকে সমর্থন করেছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, একজন জনপরিচিত ব্যক্তির এভাবে নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় পথ অনুসরণের আহ্বান জানানো কতটা যৌক্তিক।

সমালোচকেরা যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয়, শিশুর যত্নের খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক চাপের কথাও সামনে এনেছেন। কেউ কেউ বলেছেন, বড় হওয়ার পর সন্তানদের নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

একজন মন্তব্যকারী বলেন, বিষয়টিকে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। তার মতে, পশ্চিমা দেশগুলোর সংস্কৃতি ধরে রাখতে অভিবাসন সীমিত বা বন্ধ করাই সমাধান।

আরেকজন মন্তব্য করেন, যারা মাতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার, জীবনধারণের উপযোগী মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার মানুষকে বেশি সন্তান নেওয়ার আহ্বান জানান।

আরেক ব্যবহারকারী সরাসরি লেখেন, ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।