পরীক্ষায় নকলের তথ্য দিলেই মিলবে ৭৫ হাজার ডলার বা প্রায় ৯০ লাখ টাকা! দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ঠেকাতে এমন পুরস্কার ঘোষণা করেছে দেশটির সরকার। শনিবার পুরস্কারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।
সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির চলতি সপ্তাহের কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (সিএসএটি) বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রমাণিত নকলের তথ্য দিতে পারলে তথ্যদাতাকে ১০ কোটি ওন বা প্রায় ৭৫ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, প্রতিটি ঘটনায় পুরস্কারের পরিমাণ ১০ কোটি ওনে সীমাবদ্ধ নয়। কোনো ব্যক্তি একাধিক নকলের ঘটনা প্রকাশ করলে প্রতিটি ঘটনার জন্য পুরস্কার আরও ১০ কোটি ওন করে বাড়তে পারে।
এ ছাড়া নকলের ঘটনায় জড়িত কেউ নিজে অপরাধ স্বীকার করে অন্যদের তথ্য দিলে তার নিজের অপরাধের জন্য শাস্তি কমানো হবে। তবে তিনি পূর্ণ পুরস্কার পাওয়ার যোগ্য থাকবেন।
লি জে মিয়ং বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মতোই গুরুতর অপরাধ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকল করা। যারা এমন অপরাধ করবে, তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। তাঁর ভাষায়, এ ধরনের অসদুপায় লাখো পরীক্ষার্থীর সারা জীবনের পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করে।
পরীক্ষায় নকল ঠেকাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত নতুন ব্যবস্থা চালুর কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সনদপ্রাপ্ত কর হিসাববিদ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকলের কথা স্বীকার করেন। এরপর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও নকলের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ে।
এ ছাড়া আইন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া ৩২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নকলের অভিযোগ উঠেছে। এসব ঘটনা ঘিরেই পরীক্ষায় অসদুপায় ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার।
দেশটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। কারণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ভবিষ্যৎ কর্মজীবনেও বড় প্রভাব ফেলে।


