বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা জাভায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে সহায়তা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) একটি নতুন মডেল। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি সংস্থাগুলোর প্রযুক্তি ব্যবস্থায় ব্যবহৃত এই প্রোগ্রামিং ভাষার ত্রুটি শনাক্তের খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাইবার নিরাপত্তা স্টার্টআপ প্রতিষ্ঠান ক্যালিফ ওপেনএআইয়ের সম্প্রতি উন্মোচিত ‘জিপিটি-৬ সাইবার’ মডেল ব্যবহার করে জাভার একটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছে।
বিশ্বের শীর্ষ ৫০০ প্রতিষ্ঠানের তালিকা ফরচুন ৫০০-এর প্রায় ৯০ শতাংশ প্রতিষ্ঠান জাভা ব্যবহার করে। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, বিমান চলাচল ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলোও এই প্রোগ্রামিং ভাষার ওপর নির্ভরশীল।
ক্যালিফের জ্যেষ্ঠ গবেষক ব্রুস ড্যাং দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘জাভা আধুনিক অর্থনীতির প্রাণকেন্দ্র।’ তাঁর মতে, বাস্তবিক অর্থে বিশ্বের প্রায় সব বড় প্রতিষ্ঠানই এই নিরাপত্তা ত্রুটির কারণে প্রভাবিত হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে শীর্ষস্থানীয় এআই মডেল ব্যবহার করে সফটওয়্যারের একাধিক গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছে ক্যালিফ। সর্বশেষ আবিষ্কারটি বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষার সঙ্গে সম্পর্কিত।
বিশেষজ্ঞদের মতে, উন্নত এআই মডেলগুলো কম্পিউটার কোডের দুর্বলতা দ্রুত শনাক্ত করতে সক্ষম হচ্ছে। তবে যে গতিতে এসব ত্রুটি শনাক্ত হচ্ছে, তা যাচাই ও সমাধান করা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
এআইনির্ভর নিরাপত্তা গবেষণার এই অগ্রগতি প্রযুক্তি প্রতিষ্ঠান ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে নতুন উদ্বেগও তৈরি করেছে।


