ইয়েমেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক সংঘর্ষে হুথি গোষ্ঠীর প্রায় ১৭৮ জন কমান্ডার ও যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বার্তাসংস্থা আনাদোলু জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, ‘অপারেশন ইয়েমেন ডন’-এর আওতায় গত কয়েক ঘণ্টায় হুথিদের অবস্থান, অতিরিক্ত সেনা ও অস্ত্রশস্ত্র লক্ষ্য করে ৬৬০টি হামলা চালানো হয়েছে।
এসব হামলায় হুথিদের ৭৪টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
সেনাবাহিনীর মুখপাত্র জানান, অভিযানে যুদ্ধবিমান ব্যবহার করে ২৪টি এবং ড্রোনের মাধ্যমে ৪৬টি হামলা চালানো হয়েছে। বাকি ৫৯০টি হামলা চালানো হয় কামান ও রকেটের সাহায্যে।
তিনি আরও জানান, ইয়েমেনের তায়েজ, মারিব ও আল-জাওফ অঞ্চলে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে সরকারি বাহিনী। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রেও সম্ভাব্য হুমকি মোকাবিলা করা হচ্ছে।
হুথি গোষ্ঠীর বিরুদ্ধে তায়েজ অবরোধ করে রাখা এবং বেসামরিক নাগরিকদের বাড়িঘরে হামলা চালানোর অভিযোগও করেন আল-নুজাইলি। তবে এসব অভিযোগের বিষয়ে হুথিদের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা দখল করার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানিয়ে সামরিক হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এর ফলে দীর্ঘস্থায়ী সংঘাত ও ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়।
২০২২ সালের যুদ্ধবিরতির পর গত জুলাইয়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাতের তীব্রতা বাড়তে শুরু করে।


