...|...|...

বিশ্ব

রাতভর ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭
Shares
রাতভর ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। কুয়েতে ড্রোন হামলার পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা ও ইরানের কেশম দ্বীপে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যেই শান্তিচুক্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। আকাশে শোনা বিস্ফোরণের শব্দ মূলত হামলা প্রতিহত করার ফল। তবে হামলার উৎস কিংবা হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, মার্কিন ড্রোনের বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে এ অভিযান চালানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন কর্মী বা সামরিক সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি।

এই হামলার কয়েক ঘণ্টা পর ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা আল-জাজিরাকে জানান, বাহরাইনে হামলার জবাবেই এ অভিযান চালানো হয়েছে।

ইরানের হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি জানিয়েছেন, মার্কিন হামলায় দ্বীপটির আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি। সরকারি বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় সেখানে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে এএফপি জানিয়েছে, গত পাঁচ দিনে বাহরাইনে এটি ইরানের তৃতীয় ড্রোন হামলা। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে বাহরাইন।

অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রমের সময় তিনটি তেল ট্যাঙ্কার নৌ-মাইনের কবলে পড়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ নৌপথগুলো থেকে মাইন অপসারণ করা হয়েছে।

এ ছাড়া ওমান উপকূলে হামলার শিকার পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ ট্যাঙ্কারের একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। দ্বিতীয়বার হামলার পর জাহাজটির ক্রুরা সেটি ছেড়ে চলে যান। একই এলাকায় ‘অন ফিনিক্স’ নামের আরেকটি ট্যাঙ্কারেও অজ্ঞাত বস্তু আঘাত হানে।

এমন পরিস্থিতিতে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। তাঁরা নৌ-চলাচলের নিরাপত্তা ও কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করেন।

এর মধ্যে সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। অন্যদিকে বৃহস্পতিবার চীনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ত্রিপক্ষীয় সম্মেলনে ইরান যুদ্ধ নিয়ে আলোচনার কথা রয়েছে।