যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা। তিনি বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকে পরাজিত করেছেন। এর মধ্য দিয়ে মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬টিতে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রাক্কলন অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছ থেকে মোট নয়টি সিনেট আসন দখল করেছে। এর মধ্যে আটটি অঙ্গরাজ্যেই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
আলাস্কার এই নির্বাচন ভোট কারচুপির অভিযোগ নিয়েও ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযোগ ওঠে, পেলটোলার সহযোগীরা রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের ভোট ভাগ করতে একই নামের আরেক ব্যক্তিকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, অবসরপ্রাপ্ত শিক্ষক ড্যান জে. সুলিভানকে প্রার্থী করা হয়েছিল বর্তমান সিনেটর ড্যান এস. সুলিভানের ভোটে বিভ্রান্তি তৈরি করতে। তবে পেলটোলা ও ওই প্রার্থী দুজনই এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় অঙ্গরাজ্য ও ফেডারেল পর্যায়ে তদন্ত শুরু হয়। বিচার বিভাগ নির্বাচনের ফলাফল প্রত্যয়ন ঠেকাতে মামলাও করে। তবে নির্বাচনের আগে একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের ব্যালট আলাদা রাখার প্রচেষ্টা খারিজ করে দেন।
পেলটোলা প্রথম ধাপের ভোটেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আলাস্কার র্যাঙ্কড চয়েস পদ্ধতিতে অতিরিক্ত ভোট গণনার প্রয়োজন হয়নি। ফলে একই নামের দুই প্রার্থী নিয়ে বিভ্রান্তি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেনি।
এর আগে ২০২২ সালে আলাস্কার প্রতিনিধি পরিষদের আসনে দুবার জয়ী হয়েছিলেন পেলটোলা। তবে দুই বছর পর আসনটি হারান তিনি।
এবারের প্রচারণায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য ও ইরান যুদ্ধকে গুরুত্ব দেন পেলটোলা। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত তাঁর নির্বাচনী তহবিলে জমা পড়ে ৩ কোটি ৭০ লাখ ডলার। বিপরীতে সুলিভান সংগ্রহ করেন ১ কোটি ৪০ লাখ ডলার।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পেলটোলা আলাস্কার জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, করপোরেট লোভের বিরুদ্ধে লড়াই, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আলাস্কার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে জনগণের সমর্থন পাওয়া তাঁর জন্য বড় সম্মানের।
এই জয়ের ফলে ডেমোক্র্যাটদের সিনেট আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫৬টিতে। এর মধ্যে দলটির সঙ্গে কাজ করা দুজন স্বতন্ত্র সিনেটরও রয়েছেন।



