রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ১৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এএন-১২ মডেলের সামরিক পরিবহন বিমানটি নির্ধারিত ফ্লাইটে থাকার সময় সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানটি জনবসতিহীন একটি এলাকায় আছড়ে পড়ে।
বিবৃতিতে বলা হয়, বিমানটিতে ক্রুসহ মোট ১৯ জন ছিলেন। দুর্ঘটনায় তাঁদের সবাই প্রাণ হারিয়েছেন। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ১৭ বলে জানানো হয়েছিল।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
এক প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেটি দ্রুত নিচে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।
এদিকে কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে জানান, ইয়াগুনোভো এলাকায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছে এবং তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
পরে এক ভিডিও বার্তায় গভর্নর জানান, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।


