ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাকিবুলকে (২১) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে রূপগঞ্জ থানার গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তারাকান্দা থানার ওসি আব্দুর রশিদের দিকনির্দেশনায় এসআই জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার রাকিবুল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটকান্দা গ্রামের আওয়াল শেখ ও জমিলা বেগমের ছেলে।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহতের পর থেকেই মামলার প্রধান আসামিকে শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে রূপগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।


