মাগুরার মহম্মদপুর উপজেলায় এক মায়ের কোল থেকে ৮ মাসের একটি শিশু নিখোঁজ হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সন্তান হারিয়ে পাগলপ্রায় মা ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর সদরের রাজবাড়ী এলাকার বাসিন্দা শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী (কুটে ঠাকুর) শীতের পোশাক কেনার জন্য স্ত্রী নন্দিতা চক্রবর্তীর হাতে কিছু টাকা দেন। এরপর নন্দিতা চক্রবর্তী শিশুটিকে কোলে নিয়ে অটোরিকশায় করে নহাটার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বাবার বাড়ি থেকে আরও কিছু টাকা সংগ্রহ করার জন্য তিনি রাজাপুর এলাকার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
রাজাপুরের কোনো এক স্থানে অটোরিকশায় যাতায়াতের সময় নন্দিতা চক্রবর্তী হঠাৎ রহস্যজনকভাবে অচেতন হয়ে পড়েন। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং পরিবারকে খবর দেন। পরে জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান তার কোলের সন্তানটি পাশে নেই।
ঘটনার পর থেকেই পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মহম্মদপুরে এ ধরনের ঘটনা নজিরবিহীন হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলে গভীর উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ বিষয়ে শিশুটিকে দ্রুত উদ্ধারের জোরালো দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ জানান, শিশুটি নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই থানা পুলিশের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, শিশুটির মায়ের মানসিক সমস্যার কারণে এর আগে গত চার বছর পূর্বে তার অপর একটি সন্তান মারা যাওয়ার ঘটনা রয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। পাশাপাশি শিশুটিকে কেউ অপহরণ করে থাকতে পারে- এমন সন্দেহ সামনে রেখেও পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশু নিখোঁজের ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।



