...|...|...

সারাদেশ

ছাত্রলীগের মিছিল নিয়ে বিএনপি নেতার অফিস ভাঙচুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৩
Shares
ছাত্রলীগের মিছিল নিয়ে বিএনপি নেতার অফিস ভাঙচুর

ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খাতুনগঞ্জের মেসার্স ইলিয়াছ ব্রাদার্স (এমইবি) নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন-তানজিরুল ও অনিক দত্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন লাঠিসোঁটা হাতে একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ইলিয়াছ ব্রাদার্সের কার্যালয়ে প্রবেশ করেন। পরে সেখানে ভাঙচুর চালান তারা।

বিএনপি নেতা শামসুল আলমের ব্যক্তিগত সহকারী মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, হামলায় প্রতিষ্ঠানের কাচের দরজাসহ একাধিক কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, মঙ্গলবার দুপুরে খাতুনগঞ্জ এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল থেকে কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলমের অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তানজিরুল ও অনিক দত্ত নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।