সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দোকান থেকে এক ব্যবসায়ীকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ। তিনি যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অপরজন মতিউর হোসেন মোরসালিন। তিনি তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে। বর্তমানে তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।
অপহরণের শিকার ব্যবসায়ীর নাম কাশেম সরদার। তিনি তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া এলাকায় তার একটি সাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৫ নভেম্বর) কাশেম সরদার তার দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে এসে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। একপর্যায়ে তারা কাশেম সরদারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে যান। পরে তার স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় কাশেম সরদারের স্ত্রী তাৎক্ষণিকভাবে তালা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তালা থানা পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় অভিযান চালানো হয়। পরে তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


