সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঘনকুয়াশার মধ্যে ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঠান্ডু সরকার ও দলিল লেখক আব্দুল আলীম। তারা দুজনই হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোরে ঘনকুয়াশার মধ্যে ঠান্ডু সরকার ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পরে সেগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


