...|...|...

সারাদেশ

বন্ধ ৩১ কারখানা

গাজীপুরে আজও সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৪
Shares
গাজীপুরে আজও সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। ৩০ হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা।

এ পরিস্থিতিতে নতুন করে পাঁচটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে আরও ৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। সব মিলিয়ে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৩১টিতে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ছয়দানা ও ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। অন্যদিকে, নাওজোর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের দাবি, সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। বিক্ষোভে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হচ্ছে।

এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মাঠে রয়েছেন শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), আনসার এবং বিজিবির ১৩ প্লাটুন সদস্য। শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে এরপরও শ্রমিকেরা সড়ক ছেড়ে যাননি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।