অর্থনৈতিক আধিপত্য ও চাপ প্রয়োগের পুরোনো কৌশল এখন অতীতের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এমন পরিবর্তন ঘটছে, যার প্রভাব ঢেউয়ের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই অঞ্চলের উন্নয়ন আরও ন্যায়সংগত, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে ওঠার উদাহরণ।
রুশ প্রেসিডেন্টের অভিযোগ, আগে প্রভাবশালী থাকা শক্তিগুলো ন্যায্য প্রতিযোগিতার সুযোগ গ্রহণের পরিবর্তে সফল ও অগ্রসরমান দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কখনো কখনো নিজেদের স্বার্থের ক্ষতি করেও তারা এমন পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, এ পরিস্থিতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো রাষ্ট্রীয়, জনসাধারণের এবং সামাজিক ও অর্থনৈতিক সার্বভৌমত্ব শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে।
পুতিনের ভাষায়, ‘অর্থনৈতিক আধিপত্য ও চাপ প্রয়োগের পুরোনো কৌশল এখন অতীতের বিষয়। এসব কৌশল অনেকাংশেই তাদের বাধা সৃষ্টির ক্ষমতা হারিয়েছে।’
বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি বিধিনিষেধ এখনো উন্নয়নে বাধা সৃষ্টি করছে। তবে এসব পদক্ষেপ কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুরোপুরি থামিয়ে দিতে কিংবা প্রতিদ্বন্দ্বী অর্থনীতিকে ধ্বংস করতে সক্ষম নয়।
বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতিতে আধিপত্যের পরিবর্তে সমতা, বিচ্ছিন্নতার পরিবর্তে অংশীদারত্ব এবং চূড়ান্ত শর্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পুতিন।
এ
পেককে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উল্লেখ করে তিনি বৃহস্পতিবার শেনজেনে অনুষ্ঠেয় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ত্রিপক্ষীয় সম্মেলন থেকে ইতিবাচক ফল পাওয়ার আশা প্রকাশ করেন।
এদিকে এপেকের ৩৩তম অর্থনৈতিক নেতাদের সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেছেন পুতিন। তবে তাঁদের আলোচনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্ধারিত ত্রিপক্ষীয় সম্মেলনের এক দিন আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও এপেক সম্মেলনে অংশ নিচ্ছেন।


