ইরানের ওপর যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে একই মাত্রায় পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য মোহাম্মদ রেজা মোহসেনি সানি। মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ সতর্কবার্তা দেন। সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য মোহসেনি সানি দেশটির সংবাদমাধ্যম খাবারফুরিকে বলেন, সম্ভাব্য সামরিক হামলা মোকাবিলায় ইরান প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ড বিবেচনায় কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।
একই সাথে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়েও গভীর সংশয় প্রকাশ করেন এই আইনপ্রণেতা। তার মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তির ইতিবাচক সম্ভাবনা দেখা যাচ্ছে না।
মোহসেনি সানি বলেন, কূটনৈতিক সমাধান নির্ভর করছে ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের ওপর। যুক্তরাষ্ট্র যদি বুঝতে পারে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য পূরণ হচ্ছে না, তবেই আলোচনার পথ তৈরি হতে পারে।
এ সম্ভাবনাকে তিনি মার্কিন প্রশাসনের নির্বাচনী পরাজয়ের সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করেন।
এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলের বিষয়টি দুই দেশের আলোচনায় অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। পরে এপ্রিলে যুদ্ধবিরতিতে পৌঁছায় পক্ষগুলো। জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও আলোচনা স্থবির হয়ে পড়ায় পরবর্তী সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়।


