...|...|...

বিশ্ব

এআই দিয়ে নকল করে জাতীয় পরীক্ষায় প্রথম, ধরা পড়ল যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩১
Shares
এআই দিয়ে নকল করে জাতীয় পরীক্ষায় প্রথম, ধরা পড়ল যেভাবে

ছবি: এআই

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নকল করে দক্ষিণ কোরিয়ার জাতীয় ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় প্রথম হয়েছেন এক পরীক্ষার্থী। তবে অস্বাভাবিক ভালো ফল করায় অনলাইন মহলে সন্দেহ তৈরি হয়। শেষ পর্যন্ত নিজের জালিয়াতির কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করা ওই ব্যক্তি ক্ষুদ্র ক্যামেরা, স্মার্টফোন ও জেনারেটিভ এআই ব্যবহার করে পরীক্ষার দুই ধাপেই জালিয়াতি করেন। পরীক্ষার প্রশ্ন ক্ষুদ্র ক্যামেরায় ধারণ করে স্মার্টফোনের মাধ্যমে এআইতে পাঠাতেন। পরে সেখান থেকে পাওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন।

গত এপ্রিলে অনুষ্ঠিত প্রথম ধাপের পরীক্ষায় ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করেন তিনি। ৪০০ নম্বরের মধ্যে পান ৩৯৭ দশমিক ৫। দ্বিতীয় ধাপেও হিসাববিজ্ঞানের দুটি বিষয়ে যথাক্রমে ১৯২ ও ১৯০ এবং কর আইনের দুটি বিষয়ে ১১৪ ও ১৬৭ নম্বর অর্জন করেন।

তার এমন অস্বাভাবিক ফল নিয়ে অনলাইন সম্প্রদায়ে আলোচনা ও সন্দেহ তৈরি হয়। পরে এক আইনজীবীর ইউটিউব চ্যানেলে নিজের জালিয়াতির কথা স্বীকার করেন ওই পরীক্ষার্থী। নিজের সব কর্মকাণ্ড লিখিতভাবে উল্লেখ করে সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সিতে আত্মসমর্পণের বিবৃতিও জমা দেন। একই সঙ্গে নিজের কাজের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যক্তির আত্মসমর্পণের বিবৃতি পেয়েছে। দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। দেশটির অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয় তার সনদ স্থগিত করার কথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, পরীক্ষায় জালিয়াতির দায় প্রমাণিত হলে ফল বাতিলের পাশাপাশি পাঁচ বছরের জন্য পরীক্ষায় অংশ নেওয়া নিষিদ্ধ হতে পারে। এ ঘটনায় তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনা হতে পারে।