...|...|...

তথ্যপ্রযুক্তি

কোন কাজের জন্য কোন এআই টুল ব্যবহার করবেন, জেনে নিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৮
Shares
কোন কাজের জন্য কোন এআই টুল ব্যবহার করবেন, জেনে নিন

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। পড়াশোনা, অফিসের কাজ, গবেষণা, ছবি তৈরি, ভিডিও সম্পাদনা কিংবা প্রোগ্রামিং-প্রায় প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগছে এআই প্রযুক্তি। আগে যেসব কাজ করতে কয়েক ঘণ্টা সময় লাগত, সেগুলোর অনেক কিছুই এখন এআইয়ের সহায়তায় তুলনামূলক দ্রুত সম্পন্ন করা সম্ভব।

তবে সব এআই টুলের কাজ এক নয়। কোনোটি লেখালেখিতে দক্ষ, কোনোটি গবেষণায় সাহায্য করে, আবার কোনোটি ছবি, ভিডিও বা প্রেজেন্টেশন তৈরির জন্য বিশেষভাবে তৈরি। তাই কাজের ধরন অনুযায়ী সঠিক টুল নির্বাচন করতে পারলে সময় ও পরিশ্রম দুটোই বাঁচানো সম্ভব।

গবেষণা ও তথ্য খোঁজার জন্য

কোনো বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ, বিভিন্ন উৎসের তথ্য তুলনা কিংবা গবেষণাপত্রের মূল বিষয় বুঝতে ব্যবহার করা যায় পারপ্লেক্সিটি এআই। এটি প্রশ্নের উত্তরের পাশাপাশি প্রাসঙ্গিক তথ্যসূত্রও দেখাতে পারে। গুগলের নোটবুকএলএম নির্দিষ্ট নথি, পিডিএফ বা গবেষণাপত্র নিয়ে কাজ করতে সহায়তা করে। গবেষণার জন্য আরও রয়েছে (elicit.com) ও (scispace.com) এসব টুল ব্যবহার করে গবেষণাপত্র খোঁজা, গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করা এবং একাধিক গবেষণার ফলাফল তুলনা করা যায়। তবে এআইয়ের উল্লেখ করা তথ্যসূত্র মূল নথির সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি।

লেখালেখি ও প্রতিবেদন তৈরিতে

ই-মেইল, প্রতিবেদন, আবেদনপত্র কিংবা ব্যবসায়িক প্রস্তাবের খসড়া তৈরিতে ব্যবহার করা যায় চ্যাটজিপিটি ও ক্লড। কোনো লেখাকে সহজ ভাষায় উপস্থাপন, বাক্য পুনর্গঠন কিংবা নতুন ধারণা তৈরিতেও এগুলো সহায়ক।

ইংরেজি লেখার বানান, ব্যাকরণ ও বাক্যগঠন সংশোধনের জন্য রয়েছে গ্রামারলি (grammarly.com)। একইভাবে কুইলবট (quillbot.com) ব্যবহার করে ইংরেজি বাক্য নতুনভাবে লেখা এবং ভাষাগত পরিবর্তন আনা যায়।

প্রেজেন্টেশন ও গ্রাফিক ডিজাইনে

অফিসের সভা, শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট কিংবা ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের জন্য স্লাইড তৈরি করতে কাজে আসতে পারে গামা (gamma.app) ও জেনস্পার্ক (genspark.ai)। প্রয়োজনীয় বিষয়বস্তু দিলে এসব প্ল্যাটফর্ম প্রেজেন্টেশনের প্রাথমিক কাঠামো ও ডিজাইন তৈরি করতে সাহায্য করে।

পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রাফিকস এবং ইনফোগ্রাফিক তৈরিতে জনপ্রিয় ক্যানভা। অন্যদিকে ন্যাপকিন এআই দিয়ে কোনো লেখার ধারণাকে ফ্লোচার্ট, ডায়াগ্রাম কিংবা ভিজ্যুয়াল উপস্থাপনায় রূপান্তর করা যায়।

ভিডিও তৈরি ও সম্পাদনায়

ভিডিও নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রয়েছে রানওয়ে (runway.com)। এর মাধ্যমে লেখা বা ছবির নির্দেশনা ব্যবহার করে ভিডিও তৈরি এবং বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল সম্পাদনার কাজ করা যায়।

গুগলের জেমিনাইয়েও নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য ভিডিও তৈরির সুবিধা রয়েছে। তবে এসব সুবিধা ব্যবহারের সুযোগ, ভিডিওর দৈর্ঘ্য ও মান নির্ভর করতে পারে অ্যাকাউন্ট, মডেল এবং সাবস্ক্রিপশনের ওপর।

ভয়েসওভার ও অডিও তৈরিতে

ভিডিওর জন্য কৃত্রিম কণ্ঠ তৈরি কিংবা লিখিত বিষয়বস্তুকে অডিওতে রূপান্তরের জন্য ব্যবহার করা যায় ইলেভেনল্যাবস (elevenlabs.io)। বিভিন্ন ভাষা ও কণ্ঠের ধরন অনুযায়ী অডিও তৈরির সুবিধা রয়েছে এতে।

অন্যদিকে দীর্ঘ নথি, ক্লাসের নোট কিংবা গবেষণাপত্রের বিষয়বস্তু শুনে বুঝতে চাইলে নোটবুকএলএমের অডিও ওভারভিউ সুবিধা কাজে লাগতে পারে। এটি তথ্যকে আলোচনাভিত্তিক অডিও আকারে উপস্থাপন করতে পারে।

দৈনন্দিন কাজ ও সময় ব্যবস্থাপনায়

একাধিক কাজের সময়সূচি নির্ধারণ, অগ্রাধিকার ঠিক করা এবং দৈনন্দিন পরিকল্পনা সাজাতে ব্যবহার করা যায় নোশন (notion.com)। এটি কাজের তালিকা ও ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী সময় ব্যবস্থাপনায় সহায়তা করতে পারে।

নোট সংরক্ষণ, প্রকল্পের পরিকল্পনা এবং বিভিন্ন তথ্য সংক্ষেপ করার জন্য রয়েছে নোশন এআই। দলগত কাজের তথ্য সংগঠিত করতেও এটি কার্যকর হতে পারে।

প্রোগ্রামিং ও তথ্য বিশ্লেষণে

সফটওয়্যার তৈরি, কোড সংশোধন কিংবা প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করতে ব্যবহার করা যায় কার্সর (cursor.com)। এটি কোডের বিভিন্ন অংশ বুঝতে এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে সাহায্য করে।এ ছাড়া ক্লড কোড জটিল সফটওয়্যার প্রকল্পের কোড পর্যালোচনা ও উন্নয়নের কাজে সহায়তা করতে পারে।

এক্সেল বা সিএসভি ফাইলের তথ্য বিশ্লেষণ, হিসাব করা এবং চার্ট তৈরির জন্যও ব্যবহার করা যায় চ্যাটজিপিটি। তবে তৈরি করা হিসাব ও বিশ্লেষণের ফলাফল যাচাই করা প্রয়োজন।

পড়াশোনা ও নতুন দক্ষতা অর্জনে

কঠিন কোনো বিষয় সহজভাবে বুঝতে চাইলে চ্যাটজিপিটি কিংবা জেমিনাই ব্যবহার করা যায়। গণিতের সমস্যা সমাধানের পদ্ধতি বোঝা, বিজ্ঞান বা ইতিহাসের বিষয় ব্যাখ্যা করা এবং পরীক্ষার প্রস্তুতিতে এসব টুল সহায়তা করতে পারে। চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতির জন্যও এআই ব্যবহার করা সম্ভব। প্রয়োজনীয় পদের নাম জানিয়ে সম্ভাব্য প্রশ্ন তৈরি করতে বলা যায়। আবার চ্যাটজিপিটির ভয়েস সুবিধা ব্যবহার করে ইংরেজিতে কথোপকথনের অনুশীলন করা যায়।

অনলাইন মিটিংয়ের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণে

দীর্ঘ অনলাইন বৈঠকের সব আলোচনা মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ সমস্যার সমাধানে কাজে আসতে পারে অটার এআই (Otter.ai)  ও ফায়ারফ্লাইস এআই (Fireflies.ai)।

এসব প্ল্যাটফর্ম মিটিংয়ের কথোপকথন লিখিত আকারে সংরক্ষণ, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সারাংশ তৈরি এবং পরবর্তী করণীয় শনাক্ত করতে সাহায্য করে। তবে বৈঠক রেকর্ড করার আগে অংশগ্রহণকারীদের অনুমতি নেওয়া জরুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট তৈরিতে

ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা লিংকডইনের জন্য আকর্ষণীয় ছবি তৈরি করতে ব্যবহার করা যায় মিডজার্নি ও অ্যাডোব ফায়ারফ্লাই। ডিজাইনের বিভিন্ন উপাদান তৈরি এবং ছবিতে পরিবর্তন আনতেও এসব টুল সহায়ক।

বিজ্ঞাপনের লেখা, পণ্যের প্রচারণা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট তৈরিতে কাজে লাগতে পারে জ্যাসপার ও এনিওয়ার্ড। এসব টুল বিপণনমূলক লেখার খসড়া ও বিকল্প ধারণা তৈরিতে সাহায্য করে।

প্রয়োজনীয় এআই টুল খুঁজবেন যেভাবে

নির্দিষ্ট কোনো কাজের জন্য উপযুক্ত এআই টুল খুঁজতে ব্যবহার করা যায় ‘দেয়ার্স অ্যান এআই ফর দ্যাট’ নামের ওয়েবসাইট। এখানে বিভিন্ন কাজের ধরন অনুযায়ী এআইভিত্তিক সেবার তালিকা পাওয়া যায়।

তবে মনে রাখতে হবে, সব এআই টুলের সুবিধা বিনা মূল্যে পাওয়া যায় না। কিছু প্ল্যাটফর্ম সীমিত সুবিধা বিনা মূল্যে দিলেও উন্নত সেবা ব্যবহারের জন্য অর্থ পরিশোধ করতে হয়।

একই সাথে এআইয়ের তৈরি তথ্য সব সময় নির্ভুল হয় না। বিশেষ করে চিকিৎসা, আইন, অর্থনীতি ও গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করা প্রয়োজন। ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা প্রতিষ্ঠানের গোপন নথি এআই প্ল্যাটফর্মে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।

সঠিকভাবে ব্যবহার করলে এআই হতে পারে দৈনন্দিন কাজের কার্যকর সহকারী। তবে প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভর না করে নিজের বিচারবুদ্ধি ও দক্ষতা কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।