...|...|...

তথ্যপ্রযুক্তি

এআই ‘গডফাদার’ হিন্টন

তিন বছরের মধ্যে এআইয়ের হাতে চলে যেতে পারে বিশ্ব নিয়ন্ত্রণ, প্রাণহানির শঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ৮:৫৭
Shares
তিন বছরের মধ্যে এআইয়ের হাতে চলে যেতে পারে বিশ্ব নিয়ন্ত্রণ, প্রাণহানির শঙ্কা

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেভাবে দ্রুত উন্নত হচ্ছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যেই প্রযুক্তিটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনকি এআইয়ের কারণে ব্যাপক প্রাণহানি এবং মানুষের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারানোর আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। এ ঝুঁকির বিষয়ে ইউরোপের সরকারপ্রধানদের সতর্ক করতে যাচ্ছেন নোবেলজয়ী বিজ্ঞানী ও ‘গডফাদার অব এআই’ হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টন।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে ইউরোপীয় কাউন্সিলের এআইবিষয়ক এক অনানুষ্ঠানিক সম্মেলনে বক্তব্য দেবেন ব্রিটিশ-কানাডীয় এই অধ্যাপক। নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা হিন্টন সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য বিপজ্জনক পরিণতি নিয়ে আলোচনা করবেন।

সম্প্রতি কানাডার টরন্টোতে এআই সেফটি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘হিন্টন লেকচারস’ অনুষ্ঠানে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় একটি প্রশ্ন—এআই কি এতটাই ক্ষমতাধর হয়ে উঠতে পারে, যার ওপর সরকারগুলোরও আর নিয়ন্ত্রণ থাকবে না?

এআই অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পল ক্রিশ্চিয়ানো মনে করেন, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর মতে, আগামী তিন বছরের মধ্যেই বিশ্বব্যবস্থার নিয়ন্ত্রণ এআইয়ের হাতে চলে যাওয়ার উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। এমনকি আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যেও এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

ক্রিশ্চিয়ানো বলেন, ‘এআইয়ের হাতে বিশ্বব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। আগামী তিন বছরের মধ্যেই এমনটা ঘটতে পারে। এমনকি আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যেও এ ধরনের ঘটনা ঘটার উল্লেখযোগ্য আশঙ্কা আছে।’

তিনি মনে করেন, এআইয়ের কারণে সরাসরি মানুষের মৃত্যু না হলেও এর নিয়ন্ত্রণে চলে যাওয়ার অর্থ হবে মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা হারানো। এমন পরিস্থিতি প্রতিরোধে এখন থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন।

ক্রিশ্চিয়ানোর ভাষায়, ‘এই কক্ষে উপস্থিত অধিকাংশ মানুষের মৃত্যুর সবচেয়ে সম্ভাব্য কারণ হতে পারে এআই-সংক্রান্ত কোনো দুর্ঘটনা।’

হিন্টনের আশঙ্কা, বিপদ আসতে পারে ধারণার চেয়েও দ্রুত

দীর্ঘদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন অধ্যাপক জিওফ্রে হিন্টন। যুক্তরাজ্য সরকারকেও এ বিষয়ে অনানুষ্ঠানিক পরামর্শ দিয়ে থাকেন তিনি। তবে সম্প্রতি এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতছাড়া হওয়ার সম্ভাব্য সময় নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়েছেন এই বিজ্ঞানী।

হিন্টন আগে ধারণা করেছিলেন, এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠতে আরও এক দশক সময় নিতে পারে। কিন্তু পল ক্রিশ্চিয়ানোর সাম্প্রতিক বিশ্লেষণ শুনে তাঁর ধারণায় পরিবর্তন এসেছে।

তিনি বলেন, ‘আমি এত দিন বলে আসছিলাম, এই প্রযুক্তি একসময় আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। তাই আমাদের উদ্বিগ্ন হওয়া প্রয়োজন। হয়তো ১০ বছরের মধ্যে এমনটা ঘটতে পারে। কিন্তু পলের বক্তৃতা শুনতে গিয়ে তিনি বলছেন, আগামী ১৮ মাসের মধ্যেও এটি ঘটতে পারে। বিষয়টি ভয়ংকর। তাই শুক্রবার আমি সরকারপ্রধানদের এ বিষয়ে সতর্ক করব।’

হিন্টনের আশঙ্কা, অতি-বুদ্ধিমান এআইয়ের সঙ্গে পাল্লা দেওয়ার মতো প্রস্তুতি মানুষের নেই। কোনো প্রযুক্তি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেলে সেটিকে মানুষের নির্দেশে পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। অতি-বুদ্ধিমান এআইয়ের সঙ্গে মোকাবিলার অর্থ কী, মানুষ এখনো তা পুরোপুরি বুঝতে পারেনি। কোনো ব্যবস্থা যদি মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তখন আপনি সেটিকে নিয়ন্ত্রণ করবেন না; বরং সেটিই আপনাকে নিয়ন্ত্রণ করবে।’

মানুষের অজান্তেই হ্যাকিংয়ের সক্ষমতা দেখাচ্ছে এআই

এআইয়ের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে উদ্বেগের আরেকটি কারণ হিসেবে হ্যাকিংয়ের সক্ষমতার কথা তুলে ধরেছেন পল ক্রিশ্চিয়ানো। তাঁর দাবি, গত ছয় মাসে প্রযুক্তিটির সক্ষমতা যেভাবে বেড়েছে, তা যথেষ্ট উদ্বেগজনক।

উদাহরণ হিসেবে তিনি ওপেনএআইয়ের কয়েকটি মডেলের একটি ঘটনার কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব মডেল ইন্টারনেটে প্রবেশ করে মেশিন লার্নিং গবেষকদের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম হাগিং ফেসে হ্যাকিংয়ের চেষ্টা চালায়।

ক্রিশ্চিয়ানোর দাবি, এআই বটগুলো ব্যবহারকারীদের লগইন টোকেন শনাক্ত করে প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকার অর্জন করে। পরে তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য একটি বার্তা বোর্ড তৈরি করে এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতে একে অপরকে সহযোগিতা করে।

এমনকি নিজেদের কর্মকাণ্ড নিয়ে মানব প্রশাসকদের বিভ্রান্ত করার কৌশলও তারা আলোচনা করে বলে দাবি করেন তিনি। এ জন্য কাজের রেকর্ড পরিবর্তনের মতো পদক্ষেপও নেওয়া হয়েছিল।

ক্রিশ্চিয়ানো বলেন, ‘গত গ্রীষ্মেও কেউ এমন কথা শুনলে একে কল্পবিজ্ঞানের গল্প বলে মনে করতেন। এসব এআই এজেন্ট হ্যাকিং ও নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করতে খুবই আগ্রহী ছিল, কিন্তু মানুষের বিষয়ে তাদের বিশেষ কোনো আগ্রহ ছিল না। ভবিষ্যতের এজেন্টরা মানুষকেও নিজেদের লক্ষ্যে পৌঁছানোর পথে আরেকটি বাধা হিসেবে বিবেচনা করতে পারে।’

তাঁর আশঙ্কা, ভবিষ্যতে এআইয়ের লক্ষ্য অর্জনের পথে মানুষ বাধা হয়ে দাঁড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। কোনো পর্যায়ে প্রযুক্তিটির নিয়ন্ত্রণ হারালে তা মানুষের ক্ষমতা ও কর্তৃত্বের জন্য দীর্ঘস্থায়ী হুমকি হয়ে উঠতে পারে।

মানুষের চেয়ে সংখ্যায় ও বুদ্ধিতে এগিয়ে যেতে পারে এআই

ক্রিশ্চিয়ানোর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেবল একটি প্রযুক্তি হিসেবে দেখলে এর সম্ভাব্য ঝুঁকি পুরোপুরি বোঝা যাবে না। বরং ভবিষ্যতে এটিকে স্বতন্ত্র একটি নতুন প্রজাতির মতো বিবেচনা করতে হতে পারে।

কারণ, একসময় এআই ব্যবস্থার সংখ্যা মানুষের জনসংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে বুদ্ধিমত্তার দিক থেকে এসব ব্যবস্থা মানুষের তুলনায় অনেক বেশি সক্ষম হয়ে উঠতে পারে। তাদের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য তৈরি হলে সেগুলো মানুষের পক্ষে বোঝা কিংবা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

প্রযুক্তিটির অগ্রগতির গতি বোঝাতে ২০১৮ সালের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, কয়েক বছর আগেও এআই দিয়ে একটি অর্থবহ ও সুসংগত বাক্য তৈরি করা কঠিন ছিল। অথচ এখন এটি বিশ্বের জটিল গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে এআই নিজেই নতুন এআই এজেন্ট তৈরি করতে সক্ষম হবে। পাশাপাশি নতুন ধরনের অস্ত্র উদ্ভাবন এবং রোবট, ড্রোন, শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতাও অর্জন করতে পারে।

কৃত্রিম জীব তৈরির ঝুঁকিও বাড়ছে

এআইয়ের অগ্রগতির পাশাপাশি কৃত্রিম জীববিজ্ঞানের সম্ভাব্য বিপদ নিয়েও উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ‘মিরর লাইফ’ বা বিপরীত জৈবিক গঠনসম্পন্ন জীব তৈরির সম্ভাবনাকে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখছেন তাঁরা।

এ ধরনের জীব তৈরি করা সম্ভব হলে মানুষের স্বাভাবিক রোগপ্রতিরোধব্যবস্থা সেগুলোকে সহজে শনাক্ত করতে বা প্রতিরোধ করতে পারবে না। ফলে মানবস্বাস্থ্যের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রিশ্চিয়ানো বলেন, ‘প্রকৃতিতে যেসব মহামারি দেখা যায়, কৃত্রিম জীববিজ্ঞানে দক্ষ কেউ গবেষণাগারে যেসব জীব তৈরি করতে পারেন, সেগুলোর তুলনায় সেগুলো অপেক্ষাকৃত কম হুমকির।’

সব ঝুঁকি একসঙ্গে বিবেচনা করে তিনি এমন একটি ভবিষ্যতের আশঙ্কা করছেন, যেখানে মানুষের প্রায় সব কাজেই এআই ব্যবহৃত হবে। এসব ব্যবস্থা মানুষের তুলনায় দ্রুত চিন্তা করতে পারবে এবং নিজেদের নির্ধারিত লক্ষ্য পূরণে বিরামহীনভাবে কাজ করবে।

ক্রিশ্চিয়ানোর মতে, সবচেয়ে বড় বিপদ হলো—একবার এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটিকে থামানো অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। তখন প্রযুক্তিটির ওপর মানুষের কর্তৃত্ব ফিরিয়ে আনার সুযোগও সীমিত হয়ে পড়তে পারে।