...|...|...

বিশ্ব

রেস্তোরাঁর টেবিল থেকে সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য, জেনসেন হুয়াংয়ের উত্থান-পতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৫
Shares
রেস্তোরাঁর টেবিল থেকে সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য, জেনসেন হুয়াংয়ের উত্থান-পতন

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর ধরে জেনসেন হুয়াং ও এনভিডিয়া ছিল প্রায় সমার্থক নাম। দুই বন্ধুকে সাথে নিয়ে মাত্র ৪০ হাজার ডলার পুঁজি দিয়ে একটি রেস্তোরাঁর টেবিলে যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলেন তিনি, সেটি পরিণত হয়েছে প্রায় সাড়ে চার ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি সাম্রাজ্যে। সেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ থেকে অবশেষে সরে দাঁড়িয়েছেন ৬৩ বছর বয়সি এই সহপ্রতিষ্ঠাতা।

বৃহস্পতিবার সকালে তার পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। তবে এনভিডিয়া তার সরে দাঁড়ানোর কারণ জানায়নি। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এক গুপ্তচরবৃত্তির অভিযোগ ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যেই তার নেতৃত্ব নিয়ে সংকট তৈরি হয়।

বিষয়টি প্রকাশ্যে আলোচনায় এসেছে মাত্র দুই সপ্তাহ আগে। তবে এর পেছনের ঘটনা আরও আগে থেকে চলছিল বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। অভিযোগ উঠেছে, হুয়াংয়ের সাথে সম্পর্ক থাকা এক নারী চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং চীনকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা’ বলে প্রত্যাখ্যান করেছে।

শৈশব থেকে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা

১৯৬৩ সালে তাইওয়ানের তাইপেতে জেন-সুন নামে জন্মগ্রহণ করেন হুয়াং। শৈশবের কিছু সময় থাইল্যান্ডে কাটানোর পর পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে যান। সেখানে উচ্চারণের সুবিধার্থে নিজের নাম পরিবর্তন করে রাখেন জেনসেন।

ছোটবেলায় এক চাচার পরামর্শে তার তাইওয়ানিজ মা-বাবা দুই ভাইকে যুক্তরাষ্ট্রের কেন্টাকির একটি আবাসিক স্কুলে পাঠান। চাচা বলেছিলেন, সেটি নামকরা স্কুল। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন, প্রতিষ্ঠানটি মূলত সমস্যাগ্রস্ত কিশোরদের জন্য সংশোধনাগারধর্মী একটি স্কুল।

বয়স কম হওয়ায় হুয়াং ওই প্রতিষ্ঠানে না থেকে পাশের একটি সরকারি স্কুলে পড়াশোনা করেন। সেখানে ইংরেজিতে দুর্বলতার কারণে সহপাঠীদের কাছ থেকে নিয়মিত নিগ্রহের শিকার হতেন। এমনকি তাকে দিয়ে শৌচাগারও পরিষ্কার করানো হতো।

মার্কিন সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়াং বলেছিলেন, ‘আমরা খুব কঠোর পরিশ্রম করতাম, মন দিয়ে পড়তাম, আর ওখানকার ছেলেরা ছিল ভীষণ রগচটা। তবে গল্পের শেষ কথা হলো, আমি ওই সময়টা দারুণ উপভোগ করেছিলাম।’

পরবর্তী সময়ে তার মা-বাবা ওরেগনে স্থায়ী হলে হুয়াংকে বাড়িতে ফিরিয়ে আনেন। কিশোর বয়সে তিনি ডেনিস রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতেন। পোর্টল্যান্ডের কাছে একটি হাইস্কুলে পড়ার সময় কম্পিউটার ক্লাবে যোগ দেন। পরে ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। সেখানেই পরিচয় হয় তার স্ত্রী লরির সাথে।

মাত্র ২০ বছর বয়সে স্নাতক শেষ করে তিনি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডি এবং পরে এলএসআই লজিকে চিপ নকশার কাজ শুরু করেন।

১৯৯৩ সালে সিলিকন ভ্যালির একটি ডেনিস রেস্তোরাঁয় বসে দুই বন্ধুকে নিয়ে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন হুয়াং। ‘নো প্রায়রস’ পডকাস্টে তিনি জানিয়েছিলেন, সাধারণ কম্পিউটার যেসব সমস্যার সমাধান করতে পারে না, থ্রি-ডি গ্রাফিকস সামলানোর মতো শক্তিশালী চিপ তৈরি করে সেসব সমস্যার সমাধান করতে চেয়েছিলেন তারা।

এই চিপের নাম দেওয়া হয় জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট। ১৯৯৯ সালে এনভিডিয়া প্রথম জিপিইউ তৈরি করে। শুরুতে ভিডিও গেমের গ্রাফিকস আরও প্রাণবন্ত করাই ছিল এর মূল উদ্দেশ্য। পরে দেখা যায়, চ্যাটজিপিটি ও ক্লডের মতো জেনারেটিভ এআই ব্যবস্থার বিপুল পরিমাণ গাণিতিক হিসাব-নিকাশের জন্যও এসব চিপ অত্যন্ত কার্যকর।

বর্তমানে এনভিডিয়ার চিপের চাহিদা সরবরাহের চেয়ে বেশি। চড়া দামের কারণে প্রতিষ্ঠানটির মুনাফার হারও ৭০ শতাংশের বেশি। অন্য প্রতিষ্ঠানগুলো নিজস্ব এআই চিপ তৈরির চেষ্টা করলেও প্রযুক্তির দৌড়ে এনভিডিয়া এখনো এগিয়ে রয়েছে।

পাশাপাশি এনভিডিয়া তাদের চিপ ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ ও ঋণসহায়তা দেয়। এতে এআই শিল্পের বিকাশে ভূমিকা রাখলেও শিল্পটির মধ্যে জটিল ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয়েছে, যেখানে সাফল্যের পাশাপাশি ঝুঁকিও রয়েছে।

ব্র্যান্ড হয়ে ওঠা চামড়ার জ্যাকেট

মাত্র চার বছর আগেও সাধারণ মানুষের কাছে হুয়াং খুব পরিচিত মুখ ছিলেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে বক্তব্য দিতে দেখা গেছে তাকে। কালো টি-শার্ট ও চামড়ার জ্যাকেট তার পরিচিত পোশাকে পরিণত হয়েছে। এমনকি তার বাহুতেও রয়েছে এনভিডিয়ার লোগোর ট্যাটু। জীবনীকার স্টিফেন উইট জানিয়েছেন, জ্যাকেট পছন্দ করতে তাকে সহায়তা করতেন তার স্ত্রী।

এনভিডিয়ার উত্থানের সাথে পাল্লা দিয়ে বেড়েছে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদ। ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, এনভিডিয়ায় তার প্রায় ৩ দশমিক ৬ থেকে ৪ শতাংশ শেয়ারের ভিত্তিতে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১৬০ বিলিয়ন ডলারে।

তাইওয়ানে তাকে অনেকটা মহাতারকার মতো বরণ করা হতো। অটোগ্রাফ ও সেলফির জন্য ভক্তরা তাকে ঘিরে ধরতেন। সেলুন থেকে শুরু করে তার পছন্দের নৈশবাজার—বিভিন্ন জায়গায় সাংবাদিকেরাও তার পিছু নিতেন। সেমিকন্ডাক্টর উৎপাদনের বিশ্বখ্যাত কেন্দ্র তাইওয়ানে গিয়ে এনভিডিয়ার চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসএমসির প্রতিষ্ঠাতা মরিস চ্যাংসহ শীর্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করতেন তিনি।

তবে সহকর্মীদের চোখে হুয়াং ছিলেন জটিল ব্যক্তিত্বের অধিকারী। এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘তিনি আমার দেখা সবচেয়ে উদ্যমী মানুষ, তবে ভীষণ স্ববিরোধীও বটে।’

কর্মীদের প্রতি তিনি যেমন কঠোর ছিলেন, তেমনি কারও ভুল হলে তীব্র সমালোচনা করতেও ছাড়তেন না। কর্মীদের উদ্দেশে তার স্পষ্ট বার্তা ছিল, ‘আমাদের কোম্পানি সব সময় দেউলিয়া হওয়া থেকে মাত্র ৩০ দিন দূরে অবস্থান করছে।’

ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠতা

কর্মজীবনের দীর্ঘ সময় মার্কিন রাজধানী ওয়াশিংটনে অনেকটা আড়ালেই ছিলেন হুয়াং। ২০২২ সালের শেষ দিকে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনের সামরিক বাহিনীর নাগালের বাইরে রাখতে উন্নত চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করলে পরিস্থিতি বদলাতে শুরু করে। হুয়াং তখন সতর্ক করে বলেছিলেন, এসব নিষেধাজ্ঞা মার্কিন সেমিকন্ডাক্টর শিল্পকে পঙ্গু করে দিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে হুয়াংয়ের। ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত ক্লাব মার-এ-লাগো এবং হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্টের অর্থনৈতিক নীতি ও এআই-বান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন তিনি। একপর্যায়ে এআই বিষয়ে ট্রাম্পের অনানুষ্ঠানিক উপদেষ্টায় পরিণত হন।

২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প ঘোষণা দেন, বিক্রির একটি অংশ যুক্তরাষ্ট্র সরকারকে দেওয়ার শর্তে এনভিডিয়া চীনে তাদের উন্নত এইচ২০০ চিপ বিক্রি করতে পারবে। এটি হুয়াংয়ের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হয়। একই সাথে বাইডেন প্রশাসনের আগের অবস্থান থেকেও এটি ছিল বড় পরিবর্তন।

তবে এ কৌশল নিয়ে সমালোচনাও বাড়ে। চীনবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত মার্কিন রাজনীতিবিদদের অভিযোগ ছিল, হুয়াং জাতীয় নিরাপত্তার চেয়ে এনভিডিয়ার মুনাফাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এনভিডিয়া ও অন্যান্য চিপ নির্মাতাদের মাধ্যমে প্রযুক্তি পাচার ঠেকাতে আরও কঠোর বিধিনিষেধের দাবি জানিয়ে আসছিলেন তারা।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সাথে জেনসেন হুয়াংয়ের কথিত সম্পর্কের বিষয়টি মার্কিন কর্তৃপক্ষের নজরে আসে ২০২৫ সালের অক্টোবরে। অ্যালিস তখন সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডে কাজ করতেন। মার্কিন বাণিজ্য বিভাগ তদন্ত করছিল, রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে মেগাস্পিড এনভিডিয়ার উন্নত চিপ চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে পাচার করছে কি না। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, দুই বছরে এনভিডিয়ার কাছ থেকে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চিপ কিনেছিল মেগাস্পিড।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় এক বছর আগেই মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছিলেন, চীনা নাগরিক অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহ করছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে তখন ট্রাম্প কোনো পদক্ষেপ নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে ২০২৬ সালের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে বৈঠক করতে ট্রাম্প বেইজিং যাওয়ার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও তাকে সতর্ক করেন। প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে বসে রুবিও ট্রাম্পকে জানান, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সাথে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আলাস্কার অ্যাঙ্কোরেজে যাত্রাবিরতির ঠিক আগে ট্রাম্পকে এ তথ্য দেওয়া হয়। সেখান থেকে শেষ মুহূর্তের অতিথি হিসেবে হুয়াংয়ের ট্রাম্পের সফরসঙ্গী হওয়ার কথা ছিল।

যে দুই সপ্তাহে বদলে গেল সবকিছু

গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিস হুয়াংকে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহ করছে এবং এনভিডিয়ার প্রধান নির্বাহীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল।

এরপর ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেন হুয়াং। তবে ওই নারীর নাম উল্লেখ করেননি তিনি। চিঠিতে লেখেন, ‘আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

সেদিনই এনভিডিয়া তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। যদিও কোম্পানির মুখপাত্র জন রিজো তখন বলেছিলেন, ‘কোনো ধরনের বিঘ্ন ছাড়াই প্রধান নির্বাহী হিসেবে এনভিডিয়াকে নেতৃত্ব দিয়ে যেতে জেনসেন প্রতিশ্রুতিবদ্ধ।’

৯ নভেম্বর সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন সফরে হুয়াংকে আমন্ত্রণ জানানোর সময় তিনি এ পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন না। হুয়াং তাকে জানিয়েছেন, অ্যালিস হুয়াং যে কথিত গুপ্তচর, তা তিনি জানতেন না। ট্রাম্প বলেন, ‘আমি সত্যিই তাকে বিশ্বাস করি।’

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে।

সবশেষ ১১ নভেম্বর নিউইয়র্ক টাইমস জানায়, হুয়াংয়ের অধীনে কর্মরত এনভিডিয়ার এক নারী নির্বাহীর সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে এনভিডিয়া বা হুয়াং কেউই এ বিষয়ে মন্তব্য করেননি। মেগাস্পিড জানায়, তারা মার্কিন সরকারের তদন্তকে স্বাগত জানায় এবং কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করবে।

এরপরই হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার শেষ পর্যন্ত প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান তিনি।

এনভিডিয়া তাদের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে। পাশাপাশি স্থায়ী উত্তরসূরি খোঁজার প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।