বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক এবং তদন্ত শুরু হলেও প্রতিষ্ঠানটির নিয়মিত কার্যক্রমে সক্রিয় রয়েছেন তিনি।
সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দফতরে যান হুয়াং। সেখানে শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়মিত সকালের রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। বৈঠকের শুরুতেই নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের প্রসঙ্গ তুলে কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। তবে এ বিষয়ে কোনো প্রশ্ন নেননি। এরপর দ্রুতই আলোচনাকে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির দিকে নিয়ে যান।
মঙ্গলবারও অফিসে উপস্থিত হয়ে বিভিন্ন বৈঠক করেন ৬৩ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা। এনভিডিয়ার ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের প্রায় এক সপ্তাহ আগে এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে রবিবার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করেন হুয়াং। তিনি পরিবারের পাশাপাশি এনভিডিয়ার সহকর্মীদের কাছেও ক্ষমা চান এবং সময়ের সাথে তাদের আস্থা ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সাথে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিস হুয়াংকে চীনের হয়ে তথ্য সংগ্রহের সাথে যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ করেছে। তবে এনভিডিয়া জানিয়েছে, এখন পর্যন্ত কোম্পানির গোপন তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ তাদের নেই।
এই পরিস্থিতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে। তদন্ত পরিচালনায় বাইরের আইনজীবীদের যুক্ত করা হয়েছে এবং ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজের সাবেক ফেডারেল প্রসিকিউটর জুন এইচ কিম তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বলে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে। হুয়াংও তদন্তে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেছেন।
সিএনবিসিকে কর্মীরা জানিয়েছেন, হুয়াংয়ের স্বীকারোক্তির পর প্রতিষ্ঠানের ভেতরে হতাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের অনেক কর্মী তাকে আদর্শ ও পথপ্রদর্শক হিসেবে দেখতেন। ফলে ব্যক্তিগত জীবনের এ ঘটনা তাদের অনেকের কাছেই অপ্রত্যাশিত বলে মনে হয়েছে।
১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। শুরুতে ভিডিও গেমের গ্রাফিকসের জন্য জিপিইউ তৈরিতে পরিচিতি পেলেও বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের অন্যতম প্রধান প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান হয়ে উঠেছে এনভিডিয়া। বড় ভাষা মডেল ও বিশাল ডেটা সেন্টার পরিচালনায় ব্যবহৃত উন্নত চিপের বাজারেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে।


