...|...|...

বিশ্ব

জম্মু-কাশ্মীর

ভারতের প্যারামিলিটারি ক্যাম্পে অতর্কিত সশস্ত্র হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫১
Shares
ভারতের প্যারামিলিটারি ক্যাম্পে অতর্কিত সশস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা হঠাৎ গুলি চালালে সিআরপিএফের তিন সদস্য আহত হন।

বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দুপুরে কুলগাম জেলার মীর বাজারের কাছে আখরান এলাকায় এ হামলা হয়।

সিআরপিএফ এক বিবৃতিতে জানায়, দুপুরে কুলগাম জেলার একটি তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মীরা। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বাহিনীর তিন সদস্য আহত হন।

বিবৃতিতে বলা হয়, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হামলাকারীরা গুলি চালিয়েই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সময় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কুলগামেই অবস্থান করছিলেন। তবে তিনি হামলাস্থলের কাছাকাছি ছিলেন না।

ঘটনাস্থল থেকে প্রকাশিত দৃশ্যে আহত নিরাপত্তাকর্মীদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার দৃশ্য দেখা গেছে। চিকিৎসাকর্মীদেরও দ্রুত তাদের সহায়তায় এগিয়ে আসতে দেখা যায়।

হামলার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আশপাশে বসানো হয় অতিরিক্ত ব্যারিকেড। সাঁজোয়া যানসহ নিরাপত্তাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়। অ্যাম্বুলেন্সের সাইরেনের পাশাপাশি মাইকে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কুলগামের সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এর আগে গত মাসে ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলার অ্যালার্মেদগু ক্যাম্পে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আইইডি বিস্ফোরণে সিআরপিএফের চার কর্মকর্তা আহত হয়েছিলেন।