...|...|...

বিশ্ব

পার্লামেন্টে নেতানিয়াহুকে ধমকালেন বেনেট, উত্তপ্ত নেসেট অধিবেশন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৭
Shares
পার্লামেন্টে নেতানিয়াহুকে ধমকালেন বেনেট, উত্তপ্ত নেসেট অধিবেশন

ছবি: সংগৃহীত

ইসরায়েলের নতুন নেসেট অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে তাকে বারবার বাধা দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ঘটনা তদন্তের দাবি তোলেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় নির্বাচনের পর নতুন নেসেটের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু। এ সময় নিজের আসন থেকে একাধিকবার কথা বলে তাকে থামানোর চেষ্টা করেন বেনেট।

একপর্যায়ে তিনি উচ্চস্বরে জানতে চান, ৭ অক্টোবরের ঘটনাগুলোর তদন্তের কী হলো? তবে বেনেটের এই প্রশ্নের জবাবে নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কি না, আলজাজিরার প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

ইসরায়েলের রাজনীতিতে দুই সাবেক প্রধানমন্ত্রীর এমন প্রকাশ্য বাক্যবিনিময় নতুন করে রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং ওই ঘটনার আগে ও পরে সরকারের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি দেশটির রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে আছে।

এই হামলার সময় ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা এবং রাজনৈতিক নেতৃত্বের দায় নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে। ফলে নেসেটের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় অধিবেশনে নেতানিয়াহুকে সরাসরি এমন প্রশ্নের মুখে ফেলাকে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরুর প্রথম দিনেই এ ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ায় সামনে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে—এমন ইঙ্গিতও মিলেছে।