ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশটির সাবেক সেনাপ্রধান ও সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট নেতানিয়াহু সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাতিল এবং নতুন তদন্তের উদ্যোগ নিয়েছেন। একই সাথে তিনি নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বলেছেন, তিনি আর এক মিনিটের জন্যও প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার যোগ্য নন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেরুজালেমে ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতেই আইজেনকোটের দল ইয়াশার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সামনে আনে। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠন এবং নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ বাতিল করা।
নেতানিয়াহু দীর্ঘদিন ধরে স্বাধীন তদন্ত কমিশনের বিরোধিতা করে আসছেন। অন্যদিকে আইজেনকোটের জোট সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মাতান কাহানাকে নতুন পার্লামেন্টের স্পিকার করতে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছে বলে জানিয়েছে।
তবে সরকার গঠনের সমীকরণ এখনও অনিশ্চিত। আইজেনকোট বা নেতানিয়াহু—কেউই এখন পর্যন্ত প্রয়োজনীয় ৬১ আসনের সমর্থন নিশ্চিত করতে পারেননি। আইজেনকোটের মূল জোটের হাতে রয়েছে ৪৮টি আসন। আরব আইনপ্রণেতাদের ১৯টি আসনের সমর্থন পেলে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। তবে জোটের সদস্য আভিগদর লিবারম্যান আরব আইনপ্রণেতাদের সমর্থননির্ভর সরকারে যোগ দেওয়ার বিরোধিতা করেছেন।
গত রবিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটের হাতে তুলে দেন। এজন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যাবে।
এদিকে অধিবেশনের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান নেতানিয়াহু। তিনি ইরানকে ইসরায়েলের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্যকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে আইজেনকোট অভিযোগ করেন, নেতানিয়াহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজনকে নিজের স্বার্থে ব্যবহার করছেন।
নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্রায় দুই দশক ধরে ইসরায়েলের রাজনীতিতে প্রভাব বিস্তার করা নেতানিয়াহুর ক্ষমতা এখন বড় পরীক্ষার মুখে।


