...|...|...

বিশ্ব

জার্মানির ৬০ শতাংশের বেশি নারী সেনা যৌন হয়রানির শিকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৫
Shares
জার্মানির ৬০ শতাংশের বেশি নারী সেনা যৌন হয়রানির শিকার

ছবি: সংগৃহীত

জার্মানির সশস্ত্র বাহিনীতে কর্মরত নারী সৈন্যদের ৬০ শতাংশেরও বেশি যৌন হয়রানির শিকার হয়েছেন। সামরিক বাহিনীর নারী সদস্যদের ওপর পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।

বার্তাসংস্থা আনাদোলু জানায় বুধবার (১১ নভেম্বর) জার্মান সাময়িকী ‘ডের স্পিগেল’-এর এক প্রতিবেদনে বলা হয়, পটসডামভিত্তিক ‘সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ পরিচালিত জরিপে অংশ নেন ৪ হাজারের বেশি নারী সৈন্য। তাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি জানিয়েছেন, জার্মান সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালনের সময় তারা যৌন হয়রানির শিকার হয়েছেন।

গবেষকেরা হয়রানির ধরন ও তীব্রতা চারটি শ্রেণিতে ভাগ করেছেন। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী সৈন্য জানিয়েছেন, দায়িত্ব পালনকালে তাদের যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও উসকানিমূলক কথাবার্তার মুখোমুখি হতে হয়েছে।

এ ছাড়া ১৫ শতাংশ নারী জানিয়েছেন, তাদের অনুমতি ছাড়া তোলা ছবি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত করা ছবির মাধ্যমে তাদের হয়রানি করা হয়েছে। শারীরিক হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়েছেন ৮ শতাংশ। আর সরাসরি যৌন সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন ২ শতাংশ নারী সৈন্য।

জরিপে আরও উঠে এসেছে, অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশেরও বেশি যৌন অসদাচরণের ঘটনা কর্তৃপক্ষকে জানাননি বা জানাতে চান না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর আস্থার অভাব এবং অভিযোগগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে কি না, তা নিয়ে সন্দেহকেই এর কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।

জার্মান সশস্ত্র বাহিনী যখন সদস্যসংখ্যা বাড়ানোর চেষ্টা করছে এবং নতুন ও তরুণ সদস্য নিয়োগে জোর দিচ্ছে, তখনই সামনে এল এমন চিত্র। গত সপ্তাহে বাহিনীর ভেতরে যৌন অসদাচরণের ঘটনা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার।

‘ডের স্পিগেল’-এর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে সশস্ত্র বাহিনীর উদ্দেশে জারি করা এক আনুষ্ঠানিক আদেশে ইন্সপেক্টর জেনারেল কার্স্টেন ব্রোয়ার পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন।

সাম্প্রতিক মাসগুলোতে সামরিক ব্যারাকগুলোতে আপত্তিকর মন্তব্য থেকে শুরু করে ধর্ষণের মতো গুরুতর যৌন অসদাচরণের ঘটনা বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।