দেশে ফেরার প্রস্তুতি, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন—সব মিলিয়ে আবারও আলোচনায় ক্ষমতাচ্যুত ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে ‘আত্মবিশ্বাসী’ তিনি। অন্তত এমনটাই দাবি করছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক ও নির্বাসিত নেতারা। তবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তার এই ফেরার উদ্যোগের পেছনে রাজনৈতিক কোনো কৌশল রয়েছে কি না, উঠেছে সেই প্রশ্নও।
প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন। গত সোমবার পাঠানো ওই চিঠিতে দ্রুততম সময়ের মধ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই এই উদ্যোগ বলে দাবি করছেন আওয়ামী লীগের নেতারা।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি। দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে না এলেও গত আগস্টে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবার তার দলের নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন তিনি।
ভারতের কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য গার্ডিয়ানকে বলেন, ‘হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কারণ তিনি সত্যিই দেশে ফিরতে চান।’
ওই নেতা আরও বলেন, ‘তিনি দেশে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। এ কারণেই নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। কর্তৃপক্ষ পাসপোর্ট না দিলে বাংলাদেশে ফেরার সুযোগ তৈরি করতে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন।’
তবে শেখ হাসিনার দেশে ফেরার পথ যে মোটেও সহজ নয়, তার ইঙ্গিত মিলছে আইনি ও কূটনৈতিক পরিস্থিতিতে। গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে চালানো অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির ঘটনায় এ রায় দেওয়া হয়।
শেখ হাসিনাকে দণ্ডিত করা ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় তাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। আমিনুল ইসলাম বলেন, ‘রায় কার্যকর হওয়া মেনে নেয়া ছাড়া শেখ হাসিনার সামনে আর কোনো পথ নেই।’
এদিকে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে নয়াদিল্লি এখনো প্রত্যর্পণের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত। তার প্রত্যর্পণের দাবি উপেক্ষা করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, সন্ত্রাসী হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ‘গ্রহণযোগ্য বন্দিবিনিময়ের’ মাধ্যমেই দেশে ফিরতে দেওয়া হতে পারে।
এমন পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরার উদ্যোগের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, নিজের সমর্থকগোষ্ঠীকে আবার সংগঠিত করা এবং তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্য থাকতে পারে এই উদ্যোগের পেছনে।
গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বর্তমান সরকার। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উচ্চ মূল্যস্ফীতি ও পোশাকশিল্পের শ্রমিকদের বিক্ষোভসহ নানা পরিস্থিতি সামাল দিতে হচ্ছে তাদের। এসব সংকটকে রাজনৈতিক সুবিধায় কাজে লাগানোর চেষ্টা করতে পারে আওয়ামী লীগ।
দলের আরেক নেতা দাবি করেছেন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের অন্য নেতারাও শেখ হাসিনার সাথে দেশে ফিরতে চান। যদিও তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। অনুপস্থিতিতেই কয়েকজনের দীর্ঘমেয়াদি কারাদণ্ডও হয়েছে।
এরই মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ নেতা দেশে ফিরেছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি। সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে বিচার চলছে।
অন্যদিকে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা কলকাতায় নিয়মিত বৈঠক করছেন। তাদের অনেকেই পশ্চিমবঙ্গের এই শহরে বসবাস করছেন। শেখ হাসিনার সাথে দেখা করতে তাদের প্রায়ই দিল্লিতে ডেকে পাঠানো হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



