দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তি যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ফিরে আসার সুযোগ না পায়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। দেশের ভেতরে ও বাইরে থেকে যেকোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের সহযোগীরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছে, সেটিও তদন্ত করা প্রয়োজন।
গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার তথ্য দিলে সরকার বিষয়টি তদন্ত করে দেখবে।
তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র হয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে এ অপচেষ্টায় অর্থায়ন করা হয়েছে। তবে সরকার তা প্রতিহত করেছে। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জসহ শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। বাংলাদেশে বিনিয়োগ ও শিল্প পরিচালনার অনুকূল পরিবেশ বজায় থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়। বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে।


