...|...|...

জাতীয়

বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ৯:২৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, রাত ১:৪৯
Shares
বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া সহজ নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা বিদেশে গ্রেফতার হওয়ার অর্থই প্রত্যর্পণ নিশ্চিত হওয়া নয়। এ জন্য সংশ্লিষ্ট দেশের আইন, আদালতের সিদ্ধান্ত ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীনে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের উপযুক্ত আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তদন্তকারী সংস্থার অনুরোধ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

তিনি জানান, গত ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। একই সাথে দেশটির ‘ফেডারেল ল নম্বর ৩৯ অব ২০০৬’-এর ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠানোর আহ্বান জানানো হয়।

তবে নির্ধারিত সময়ের অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে, অর্থাৎ ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠায় বাংলাদেশ সরকার। একই দিনে তথ্য সমন্বয়ের জন্য আবেদনের একটি অনুলিপি এনসিবি আবুধাবিতেও পাঠানো হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ দেশটির নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসারে যে সিদ্ধান্তই নিক না কেন, তা বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন প্রত্যাহার, প্রত্যাখ্যান কিংবা পুরো প্রক্রিয়ার সমাপ্তি হিসেবে বিবেচিত হবে না।

তিনি ব্যাখ্যা করেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সেন্ট্রাল অথরিটি ও আদালত নিজস্ব আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অপরাধের ধরন, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণপত্র এবং অন্যান্য আইনি শর্ত যাচাই করে সিদ্ধান্ত নেয়।

বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের বিষয়ে সরকারের পদক্ষেপও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোতে পারস্পরিক আইনি সহায়তা চেয়ে (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) আবেদন পাঠিয়েছে।

এসব আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় নথি ও তথ্য-প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহায়তার কাঠামো অনুসরণ করে সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত কিংবা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো ব্যক্তির জামিন পাওয়া মানেই প্রত্যর্পণ কার্যক্রম শেষ হয়ে যাওয়া নয়। একইভাবে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও বিচারিক ধাপ অনুসরণ করাকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে দেখাও ঠিক হবে না।

তিনি জানান, বাংলাদেশ সরকার নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যর্পণের আবেদন পাঠিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ, স্থানীয় আইনজীবী নিয়োগ এবং বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রেখেছে।