...|...|...

বিশ্ব

ফ্রান্স নিজেদের ফ্রিজও সামলাতে পারে না, অথচ অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছে: আরাঘচি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১০
Shares
ফ্রান্স নিজেদের ফ্রিজও সামলাতে পারে না, অথচ অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছে: আরাঘচি

ছবি: সংগৃহীত

ইউরোপের সুপারমার্কেটগুলোতে সাইবার হামলার ঘটনায় ইরানকে দায়ী করার অভিযোগে ফ্রান্সের কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, নিজেদের সাধারণ রেফ্রিজারেটরই ঠিকমতো সামলাতে পারে না ফরাসি সরকার, অথচ নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আরাঘচি। তিনি বলেন, ‘যারা নিজেদের জনগণের ক্ষোভ নিরসন তো দূরের কথা, সাধারণ রেফ্রিজারেটরগুলোই ঠিকমতো সামলাতে পারে না, সেই ফরাসি সরকার এখন নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হ্যা, ইরান শক্তিশালী। কিন্তু ফ্রান্সের মতো আমরা গাজায় গণহত্যায় সমর্থন দিয়ে কিংবা স্কুল ও হাসপাতালে বোমা হামলা চালিয়ে আমাদের শক্তি প্রদর্শন করি না।’

ইরানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটে সাইবার হামলার অভিযোগ তোলার পর দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ফরাসি সরকারের অভিযোগকে ‘ভিত্তিহীন ও একতরফা’ বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলার মাধ্যমে ফ্রান্স নিজেদের প্রশাসনিক ব্যর্থতার দায় তেহরানের ওপর চাপানোর চেষ্টা করছে। সুপারমার্কেটের রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা দূর থেকে পরিবর্তন করে বিপুল পরিমাণ খাদ্য নষ্ট করার ঘটনায় বিদেশি পক্ষকে দায়ী করার চেষ্টা করছে প্যারিস। এতে লাখ লাখ ইউরো ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

তেহরানের অভিযোগ, পশ্চিম এশিয়ায় ফ্রান্সের নীতির সমালোচনা থেকে জনগণের মনোযোগ সরাতেই নতুন করে এসব অভিযোগ তোলা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, ফ্রান্স কয়েক দশক ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডে সমর্থন দিয়েছে।

একই সাথে ফরাসি কর্তৃপক্ষকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পেছনে অর্থ ব্যয় না করে নিজেদের নাগরিকদের জীবনমান ও শিক্ষার মতো মৌলিক বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, বেআইনি বিদেশি কর্মকাণ্ডের মুখে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরান দ্বিধা করবে না।

এর আগে ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনা ঘটে। এতে দূর থেকে রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় বিপুল পরিমাণ খাদ্য নষ্ট হয়। নভেম্বরের শুরুতে ইউরোপের অন্তত ১১টি দেশেও একই ধরনের ঘটনার খবর পাওয়া যায়।

এসব ঘটনায় ইরানকে দায়ী করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো ইরানি রাষ্ট্রদূতকে তলব করেন। পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞার আহ্বান জানান তিনি। প্রয়োজনে যেকোনো ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

ইউরোপীয় ইউনিয়নও এ ঘটনায় দ্রুত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে সুপারমার্কেটগুলোতে সাইবার হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার পক্ষে এখনো জনসমক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।