যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ইরান-সমর্থিত তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনায় জড়িত থাকারও অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশ করা অভিযোগপত্রে ইরানি নাগরিক মোহসেন মোহাজেরি, ইরাকি নাগরিক মোহাম্মদ আলী আল-হাসানি এবং দ্বৈত ইরানি-ইরাকি নাগরিক মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদির নাম উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দাবি, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট এসব ব্যক্তি ইউরোপে একাধিক হামলার পরিকল্পনা করেছিলেন। এসব হামলা ‘হারাকাত আসহাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’ (হায়ি) নামের একটি গোষ্ঠীর পরিচয়ে পরিচালিত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের বসন্তে ইউরোপে হায়ি ১৮টি সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে। এর মধ্যে সাতটি হামলা হয়েছে যুক্তরাজ্যে। এসব হামলায় অগ্নিসংযোগ, বিস্ফোরক ব্যবহার এবং লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ছিল।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল অভিযোগ করেন, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর পক্ষে প্রায় ২০টি হামলার চেষ্টায় জড়িত ছিলেন অভিযুক্তরা। তাদের একজন নিউইয়র্কের কারাগারে আটক থাকা অবস্থায় ভবিষ্যৎ সহিংস কর্মকাণ্ডে সহায়তার জন্য সাংকেতিক বার্তা পাঠিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের কটসওল্ডস এলাকায় আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে তিনটি সন্দেহজনক ভ্যান দেখা যাওয়ার পর বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। ভ্যানগুলোতে বিস্ফোরক পাওয়া না গেলেও বেশ কিছু পরিমাণ পেট্রল উদ্ধার করা হয়েছিল।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত আগস্টে আল-হাসানি যুক্তরাজ্যে থাকা সহযোগীদের বিমানঘাঁটিতে হামলার প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের নির্দেশ দেন। ২২ আগস্ট বিমানঘাঁটির নিরাপত্তাবেষ্টনী পর্যবেক্ষণের জন্য একজনকে অর্থ দেন তিনি। পরবর্তী সময়ে ভ্যান ও জ্বালানির ড্রাম সংগ্রহ, রাসায়নিক দাহ্য পদার্থ কেনার বিষয়ে অনুসন্ধান এবং বিস্ফোরকে ব্যবহারযোগ্য ধাতব বস্তু কেনারও অভিযোগ রয়েছে।
এসব ভ্যানকে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ও সুইমিংপুলের সরঞ্জাম পরিবহনের গাড়ির মতো সাজানো হয়েছিল বলে দাবি করেছে মার্কিন বিচার বিভাগ। ২৬ সেপ্টেম্বর তিনটি ভ্যান বিমানঘাঁটির দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন আল-হাসানি। পথে অন্তত দুটি ভ্যান নিরাপত্তা তল্লাশিচৌকিতে বাধার মুখে পড়ে। পরদিন ভোরে এক স্থানীয় কৃষক ভ্যানগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
তবে এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস। এক বিবৃতিতে অভিযোগগুলোকে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ জল্পনা বলে উল্লেখ করেছে তারা।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গত মাসে দুই ব্রিটিশ নাগরিককেও আদালতে হাজির করা হয়। অন্যদিকে, হামলার হুমকির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়ার কথা জানান।
উল্লেখ্য, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে সেখান থেকে বি-১ ও বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। গত জুলাইয়ে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, তাদের ভূখণ্ডে হামলার কাজে ব্যবহৃত যেকোনো সামরিক ঘাঁটি ইরানের বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।


